
ভোট বয়কটের পোস্টার মেমারির গ্রামে
শেষ আপডেট: 28 April 2024 19:42
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এলাকায় একটি মাত্র কাঠের সেতু। সেটাও দীর্ঘদিন সংস্কার হয় না। নেতা মন্ত্রীদের কাছে এই সেতু সংস্কার নিয়ে বহুবার আবেদন করলেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি। তাই এবার মেমারি বিধানসভার বাগিলা গ্রাম পঞ্চায়েত এলাকার ৫টি গ্রামের মানুষ ভোট বয়কটের ডাক দিয়েছেন।
ওই গ্রামগুলির বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের আগে প্রতিশ্রুতি মেলে। ভোট চলে গেলেই জনপ্রতিনিধিদের খুঁজে পাওয়া যায় না। দিলালপুর হয়ে মেমারি আসার একমাত্র ভরসা ওই কাঠের সেতু। বাম আমলে এই কাঠের ব্রিজ তৈরি হলেও বহু দিন হল কোনও রক্ষনাবেক্ষণ হয় না। ফলে দিনে দিনে জীর্ণ হয়ে পড়েছে সেই সেতু। যে কোনও সময়ে ভেঙে পড়তে পারে। প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ সেতু পারাপার করতে বাধ্য হচ্ছেন। তাই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসীরা।
দিলালপুর সহ তার পার্শ্ববর্তী আরও পাঁচটি গ্রামের মধ্যে কোনও রাজনৈতিক দলের প্রার্থীদের নির্বাচনী প্রচারের ব্যানার লাগাতে দেননি গ্রামবাসীরাই। দেওয়াল লিখন থাকলেও তা মুছে দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা তরুণ পণ্ডিত বলেন, ডিভিসি সেচ চ্যানেলের উপর দাঁড়িয়ে রয়েছে এই সেতু। প্রশাসন অনেক আগেই এই কাঠের ব্রিজকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছিল। সময়ের সঙ্গে আরও জরাজীর্ণ হয়ে পড়েছে এই কাঠের সেতুটি। বয়সের ভারে কার্যত ধুঁকছে। স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ সকলেই এই সেতু দিয়েই যাতায়াত করেন। জরুরি অবস্থায় কোনও রোগীকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যেতে হলে ওই ভগ্নপ্রায় সেতু দিয়েই যেতে হয়।
এবিষয়ে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার সাংবাদিকদের বলেন, “আপনাদের মাধ্যমেই ভোট বয়কটের কথা শুনলাম। আমি দ্রুত ওই এলাকায় যাব। মানুষের সঙ্গে কথা বলব, যাতে তাঁরা নির্বাচনে অংশগ্রহণ করেন। আমাদের একবার সুযোগ দেওয়ার অনুরোধ জানাব। জয়ী হলে মানুষের প্রত্যাশা পূরণ করব, কথা দিলাম।“
তৃণমূলের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, " স্থানীয় কিছু সমস্যা ছিল তাই কাজ করা যায়নি। সাধারণ মানুষের কাছে আবেদন, ভোট দিন। ব্রিজ, রাস্তা দুটোই হবে। বিজেপির প্রতিশ্রুতির কোনও দাম নেই।"