
শেষ আপডেট: 19 March 2024 10:50
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সুরেই লোকসভা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্যসভ সদস্য ডেরেক ও'ব্রায়েন। গার্ডেনরিচে বাড়ি ভেঙে পড়া নিয়ে কলকাতাসহ গোটা রাজ্য যখন শিরোনামে, তখন মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের নজরদারিতে লোকসভা ভোট করানোর দাবি তুললেন ডেরেক। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের মতো সংস্থাকে বিজেপি কৌশল করে ধ্বংস করে ফেলেছে।
রাজ্যের ডিজি রাজীব কুমারকে সরানো নিয়ে এক্সবার্তায় তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন তৃণমূল এমপি। তাঁর কথায়, নির্বাচিত রাজ্য সরকারের অফিসারদের বদলি করে অবাধ ও স্বচ্ছ নির্বাচন করতে দিতে চাইছে না বিজেপি। তাই তারা কমিশনকে অস্ত্র করে নানান কৌশল অবলম্বন করছে। আমরা চাই, ২০২৪ সালের লোকসভা ভোট হোক সুপ্রিম কোর্টের তদারকিতে।
ডেরেক আরও লিখেছেন, ভারতের নির্বাচন কমিশনের মতো স্বায়ত্তশাসিত সংস্থাকে ধ্বংস করতে বিজেপি নোংরা কৌশল নিচ্ছে। বিজেপি কি সাধারণ মানুষের মুখোমুখি হতে ভয় পাচ্ছে, এই প্রশ্ন তুলে ডেরেক লিখেছেন, বিরোধীদের নিশানা করতে ইসিআইকে বিজেপি ওদের পার্টি অফিস বানিয়ে ফেলেছে। এর নাম ইসিআই না হয়ে হিজ মাস্টার্স ভয়েস হওয়া উচিত বলে মনে করেন ডেরেক।
BJP's filthy tricks destroying institutions like ECI. Are BJP so nervous to face people that they are turning ECI into a party office to target Oppn? ECI or HMV? Transferring officers of elected State govts! For free & fair elections
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) March 19, 2024
WE WANT SUPREME COURT MONITORED ELECTION 2024
উল্লেখ্য, নির্বাচন কমিশন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমারকে সরিয়ে একদা তাদেরই হাতে অপসারিত বিবেক সহায়কে নয়া দায়িত্ব দেওয়ার পর থেকে তৃণমূল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সম্মুখ সমরে নেমেছে। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশনকে নিজেদের মতো ব্যবহার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও রাজ্য বিজেপি নেতৃত্ব কমিশনের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে।