
হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ
শেষ আপডেট: 25 May 2024 10:44
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: ভোট সকালে তেতে উঠল কেশপুর। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ির সামনে তুমুল বিক্ষোভ শুরু করল তৃণমূলের কর্মী সমর্থকরা। তাঁদের অভিযোগ, বুথে বুথে ঘুরে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন বিজেপির প্রার্থী। এরই বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ।
ঘাটাল লোকসভার কেশপুরের আনন্দপুর থানার খেড়িয়াবালি এলাকায় দীর্ঘক্ষণ বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। এই বিক্ষোভ ঘিরে তুমুল অশান্তি ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।শনিবার ষষ্ঠদফায় ভোটগ্রহণ চলছে ঘাটাল লোকসভা কেন্দ্রে। এদিন সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন ঘাটালের বিজেপি প্রার্থী। তাঁর দাবি, ১৮২টি বুথে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হয়নি।
নির্বাচন কমিশনের বিরুদ্ধেও এদিন ক্ষোভ উগরে দিয়ে হিরণ বলেন, "পঞ্চায়েত ভোটের থেকেও খারাপ অবস্থা! এটাই কি 'শ্রেষ্ঠ' নির্বাচন করাচ্ছে কমিশন?" পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে বলেও অভিযোগ করেছেন ঘাটালের তৃণমূল প্রার্থী।
শুক্রবার রাত থেকে তৃণমূলের ইন্ধনে রাজ্য পুলিশ বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে বলে দাবি করেছেন হিরণ চট্টোপাধ্যায়। এই ইস্যুতে কেশপুর, আনন্দপুরের দুই ওসিকে কাঠগড়ায় তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, তৃণমূলকে জেতানোর জন্যে দায়িত্ব নিয়েছেন এঁরা। বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি তাঁর।
হিরণের এই অভিযোগের পাশাপাশিই তাঁর বিরুদ্ধেও অশান্তি পাকানোর অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের বক্তব্য, বুথে বুথে ঘুরে উস্কানি দিয়ে তিনি শান্ত পরিবেশকে অশান্ত করে তুলছেন। প্রায় ঘন্টা খানেক গ্রামবাসীদের বিক্ষোভে আটকে থাকে হিরণের কনভয়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।