
সুনীতা কেজরিওয়াল - ফাইল চিত্র
শেষ আপডেট: 31 March 2024 16:03
দ্য ওয়াল ব্যুরো: আবগারি মামলায় স্বামী গ্রেফতার হয়েছেন। এই ঘটনার পর থেকেই ক্রমাগত প্রকাশ্যে বার্তা দিতে দেখা গেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতাকে। রবিবার প্রথমবারের জন্য রাজনৈতিক মঞ্চে দেখা গেল তাঁকে। জেলবন্দি স্বামীর হেফাজত থেকে পাঠানো বার্তা পড়ে শোনালেন সুনীতা।
অরবিন্দ কেজরিওয়ালের মুক্তির দাবিতে ইন্ডিয়া জোটের মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল দিল্লির রামলীলা ময়দানে। সেই মঞ্চে রবিবার রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, সীতারাম ইয়েচুরিদের মাঝে দেখা গেল কেজরিওয়াল পত্নী সুনীতাকেও। সেই মঞ্চ থেকেই দেশবাসীদের জন্য কেজরিওয়ালের ছ’টি ভোট-প্রতিশ্রুতির কথা শোনালেন সুনীতা কেজরিওয়াল। তিনি বলেন, ''দেশের মানুষ কেজরিওয়ালের পাশে আছেন। তাঁকে আজীবন জেলে রাখা যাবে না।''
জেলে থাকাকালীনই ইতিমধ্যে একাধিক সরকারি নির্দেশ দিয়েছেন কেজরিওয়াল। যা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা, তাঁর পদত্যাগও দাবি করেছে। তবে রবিবার দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী বিজেপি সরকারের বিরুদ্ধে পাল্টা প্রশ্ন তোলেন। দিল্লির ভোটারদের উদ্দেশে বলেন, বিজেপির দাবি অনুযায়ী কেজরিওয়াল পদত্যাগ করবেন, তা হতে পারে না। এরপরই তিনি কেজরিওয়ালের পাঠানো বার্তা পড়ে শোনান সকলকে।
দেশবাসীর কথা ভেবে কেজরিওয়ালের দল যে ছটি প্রতিশ্রুতির কথা বলেছে তা হল:
১) দেশে ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা। পাওয়ার কাটের সমস্যা যাতে কখনও না হয় তার চেষ্টা করা হবে।
২) গরিব মানুষদের বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে।
৩) দেশের প্রতিটি গ্রামে সরকারি স্কুল স্থাপন করে শিশুদের পড়াশুনার ব্যবস্থা করা হবে।
৪) প্রতিটি গ্রামে বিনামূল্যে চিকিৎসার জন্য মহল্লা ক্লিনিক স্থাপন করা হবে। প্রতি জেলায় সরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতাল থাকবে।
৫) স্বামীনাথন কমিশনের প্রস্তাব অনুসারে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দেওয়া দেওয়া হবে।
৬) নির্বাচিত সরকার থাকলেও, দিল্লি এখনও একটি কেন্দ্রশাসিত অঞ্চল। ক্ষমতায় এলে দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে।
স্বামীর গ্রেফতারির প্রতিবাদে পদে পদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুলছেন কেজরিওয়াল পত্নী। দিল্লিতে আপের সদর দফতরে দফায় দফায় সাংবাদিক বৈঠক করেছেন সুনীতা। শনিবারও দলীয় দফতরে কেজরিওয়ালের চেয়ারে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ফলে জল্পনা ছড়িয়েছে, কেজরিওয়াল যদি এখন জেল থেকে ছাড়া না পান তাহলে সুনীতাই দিল্লির মুখ্যমন্ত্রী হতে পারেন।