
শেষ আপডেট: 10 May 2024 16:07
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পরিযায়ী শ্রমিকের স্ত্রী থেকে এখন তিনি বসিরহাটে বিজেপির মুখ। এক সময় সংসারের প্রয়োজনে তাঁকেও পরিযায়ী শ্রমিক হয়ে কাজে যেতে হয়েছিল। হাসনাবাদ থেকে ট্রেন ধরে বহুবার কাজের সন্ধানে এদিক ওদিক গেছেন। কিন্তু শুক্রবারের রেখা পাত্রের যাত্রা ছিল অন্যরকম। এবার তিনি হাসনাবাদ স্টেশন থেকে ট্রেনে উঠে নির্বাচনী প্রচার সারলেন।
শুক্রবার কর্মীদের নিয়ে প্রচার বেরিয়েছিলেন রেখা। পরে হাসনাবাদ স্টেশনে আসেন। সেখানে তখন হাসনাবাদ-শিয়ালদহ ট্রেন দাঁড়িয়েছিল। ওই ট্রেনেই উঠে পড়েন বিজেপি প্রার্থী। যাত্রীদের সঙ্গে হাত মেলান। মহিলা যাত্রীদের সঙ্গে কথাও বলেন। তাঁদের কাছে ভোট দেওয়ার আবেদন করেন রেখা। রেখা পাত্রকে দেখে অনেকে মোবাইল বের করে ভিডিও তুলতে থাকেন।
ট্রেন থেকে নেমে রেখা বলেন, "এক সময়ে আমি এভাবেই হাসনাবাদ থেকে ট্রেনে চড়ে শিয়ালদহে যেতাম। তারপরে সেখান থেকে অন্য রাজ্যে পাড়ি দিতে হত। আজ যাঁদের সঙ্গে দেখা হল, তাঁদের মধ্যে অনেকে আমারই মতো পরিযায়ী শ্রমিক। তাঁদের কাছে ভোট দেওয়ার আবেদন করেছি। ভাল সাড়া পেয়েছি।"