
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
শেষ আপডেট: 10 June 2024 17:32
দ্য ওয়াল ব্যুরো: ভারতে লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে গত মঙ্গলবার। রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। ফল প্রকাশের ছয় দিনের মাথায় সোমবার ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এক্স হ্যান্ডেলে শুধু লিখেছেন তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ায় নরেন্দ্র মোদীকে অভিনন্দন।
মঙ্গলবার ফল প্রকাশের দিন রাতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠান। পরদিন তাঁকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী। তখনই শেখ হাসিনাকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান মোদী। এরপর বিশ্বের নানা দেশের রাষ্ট্রপ্রধানেরা শুভেচ্ছা বার্তা পাঠান। কিন্তু নীরব ছিল পাকিস্তান। পড়শি দেশ থেকে কোনও শুভেচ্ছা বার্তা না আসায় কূটনৈতিক মহলে তা নিয়ে চর্চা শুরু হয়।
ইসলামাবাদে পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র এই সংক্রান্ত প্রশ্নের জবাবে বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। তিনি বলেন, নরেন্দ্র মোদী এখনও তৃতীয়বাবের জন্য শপথ নেননি। শপথ নেওয়ার পর শুভেচ্ছা জানানোর বিষয়ে ভাবনাচিন্তা করা হবে। প্রসঙ্গত, ভারতে নির্বাচনের ফল প্রকাশের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চিন সফরে ব্যস্ত ছিলেন। শনিবার তিনি দেশে ফেরেন।
এদিকে, বিগত কয়েকটি নির্বাচনের মতো এবারও ভারতে লোকসভা নির্বাচনে পাকিস্তান প্রসঙ্গ ঘুরে ফিরে এসেছে। বিশেষ করে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফবাদ চৌধুরী বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে মুখ খোলায়। তিনি বলেন, পাকিস্তানের বেশিরভাগ মানুষ নরেন্দ্র মোদীর জমানার অবসান চান। মোদী সরকার ও আরএসএস প্রবলভাবে পাকিস্তান বিরোধী।
প্রাক্তন পাক মন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পাকিস্তান কংগ্রেসকে ক্ষমতায় দেখতে চায়। তারা চায় রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হোন। কংগ্রেস পাকিস্তানের প্রতি দুর্বল বলেও অভিযোগ করেন বিজেপি নেতারা। জবাবে কংগ্রেস পুলওয়ামায় আধা সেনার কনভয়ে পাক জঙ্গি হামলার ঘটনা তুলে ধরে বিজেপির হাতে দেশের সুরক্ষা বিপন্ন বলে পাল্টা তোপ দাগে। পাকমন্ত্রী অস্বস্তিতে ফেলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকেও। বলেন, দিল্লির মুখ্যমন্ত্রীকে জোর করে জেলে পুরে রাখা হয়েছে। কেজরিওয়াল অবশ্য পত্রপাঠ পাক মন্ত্রীর মন্তব্য উড়িয়ে ফবাদ চৌধুরীকে নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শ দেন।