
নওসাদ সিদ্দিকীকে (ডানে) খোঁচা মেরে দেবাংশু ভট্টাচার্যের (বাঁয়ে) টুইট । ফাইল ছবি।
শেষ আপডেট: 4 April 2024 22:07
দ্য ওয়াল ব্যুরো: তখনও লোকসভা ভোট ঘোষণা হয়নি। সেটা ২৮ জানুয়ারি। সেই রবিবার ডায়মন্ড হারবারে সভা করে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী বলেছিলেন, “লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার নিয়ে আমরা আত্মবিশ্বাসী। ধরে নিতে পারেন এটা আমার লোকসভার প্রস্তুতিসভা।”
শুধু এখানে না থেমে নওসাদ আরও জানিয়েছিলেন, "দল অনুমতি দিলে ডায়মন্ড হারবার থেকে তিনি লোকসভা ভোটে লড়বেন।" কেন ডায়মন্ড-হারবার থেকেই তিনি লড়তে চান, তার কারণও জানিয়েছিলেন নওসাদ। আইএসএফ বিধায়কের দাবি ছিল, "বর্তমান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের আগে প্রাক্তন শব্দটা বসাতে চাই।"
কীভাবে সেটা সম্ভব করবেন, তাও জানিয়েছিলেন নওসাদ। প্রকাশ্য সভায় ভোটারদের উদ্দেশে তাঁর টোটকা ছিল, “সাইলেন্ট ভোটার হয়ে থাকুন। প্রয়োজনে তৃণমূলের মিছিল মিটিংয়েও যান। ভোটটা আইএসএফকে দিলেই হবে!”
বৃহস্পতিবার সন্ধ্যায় ফুরফুরা শরিফে সাংবাদিক বৈঠক করে রাজ্যের আরও পাঁচটি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল আইএসএফ নেতৃত্ব। তাতে রয়েছে ডায়মন্ড-হারবার লোকসভা কেন্দ্রও। তবে ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন না নওসাদ সিদ্দিকী, এখানে আইএসএফ প্রার্থী করেছে মজনু লস্করকে।
এরপরই তৃণমূলের তরফে নওসাদকে লক্ষ্য করে ধেয়ে আসছে একের পর এক বাক্যবাণ। নওসাদকে আক্রমণ করে টুইট করেছেন তৃণমূলের তমলুক লোকসভার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। টুইটে দেবাংশু লিখেছেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ে বিরুদ্ধে দাঁড়াতে চেয়ে, নিজেই চ্যালেঞ্জ জানিয়ে তারপর নিজেই সেখান থেকে পালিয়ে যাওয়াকে নৌশাদ সিদ্দিকী বলে। এই জন্যই আমরা বলি, পান্তা ভাত খেয়ে বিরিয়ানির ঢেঁকুর তোলা উচিত না।"
অভিষেক বন্দ্যোপাধ্যায়ে বিরুদ্ধে দাঁড়াতে চেয়ে, নিজেই চ্যালেঞ্জ জানিয়ে তারপর নিজেই সেখান থেকে পালিয়ে যাওয়াকে নৌশাদ সিদ্দিকী বলে। এই জন্যই আমরা বলি, পান্তা ভাত খেয়ে বিরিয়ানির ঢেঁকুর তোলা উচিত না।
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) April 4, 2024
বস্তুত, একুশের বিধানসভার মকো এবার যে বাম-কংগ্রেসের সঙ্গে আইএসএফের জোট হচ্ছে না, সেটা এদিন দুপুরেই স্পষ্ট হয়ে গিয়েছিল। জোট না হওয়ার জন্য সিপিএমকে দুষেছিলেন নওসাদ। পাল্টা হিসেবে নওসাদের বিরুদ্ধে 'অন্যর হাতে তামাক খাওয়ার' অভিযোগ এনেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
তবে ডায়মন্ড-হারবার প্রসঙ্গে তখনও নওসাদ কিছু খোলসা করতে চাননি। নওসাদ ইস্যুতে অবশ্য দেবাংশুর মতো ঝাঁঝালো অবস্থান নেননি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বলেন, "নওসাদ তরুণ নেতা। মত পার্থক্য থাকতেই পারে। তবে সিপিএম এরকমই, সিপিএমের জন্যই নওসাদের ভোটে দাঁড়ানো হল না।" একই সঙ্গে কুণালের কটাক্ষ, "নওসাদ কেন যেই দাঁড়াক না কেন, ওখানে অভিষেকের লিড থাকবে অন্তত পাঁচ লাখ।"