
বাবুন বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 20 May 2024 17:08
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: এবছর ভোট দিতে পারলেন না খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। তিনি হাওড়ার ৩৭ নম্বর ওয়ার্ডের ভোটার। সোমবার সকালেই ভোট দিতে গেছিলেন বাবুন। সেখানে গিয়ে জানতে পারেন ওয়ার্ডের ভোটার তালিকায় তাঁর নাম নেই। এতে ভোট না দিয়েই তাঁকে ফিরে আসতে হয়।
তৃণমূল সূত্রে খবর এই ঘটনার বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। কেন তার নাম ভোটার তালিকা থেকে বাদ গেল তাই কারণ কমিশনই বলতে পারবে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে।
বিভ্রান্ত বাবুন বলেন, "ঠিক কী হল আমার মাথায় ঢুকছে না। ২২ সালে এখানে আমি ভোটার হয়েছি। একজন নাগরিক হিসাবে ভোট দেওয়ার অধিকার রয়েছে। কেন এমন হল, আমি জানতে চেয়েছি।"
তিনি হাওড়ার এসডিও সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন। অনলাইনে নির্বাচন কমিশনকে চিঠিও পাঠিয়েছেন। তবে কেন নাম বাদ গেল, সে ব্যাপারে কোনও সদুত্তর পাননি তিনি।
হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসাবে ঘোষণার পরেই নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। এতে মুখ্যমন্ত্রীর ঘরেই বিদ্রোহের সম্ভাবনা দেখেছিলেন অনেকেই। ভাইয়ের এই সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের সামনে ক্ষোভে ফেটে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বসমক্ষে বাবুনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবার সেই বাবুন বন্দ্যোপাধ্যায় নির্বাচনে ভোটই দিতে পারলেন না।