
ভোটের প্রচারে কঙ্গনা রনৌত
শেষ আপডেট: 8 April 2024 11:57
দ্য ওয়াল ব্যুরো: ভোটের মুখে `রামনাম` কঙ্গনা রনৌতের মুখে। গোমাংস ও অন্যান্য রেডমিট তিনি খান না বলে সোমবার সকালে দাবি করলেন বিজেপির `কুইন` প্রার্থী কঙ্গনা রনৌত। এধরনের অপপ্রচারকে লজ্জাজনক বলেও মন্তব্য করেছেন অভিনেত্রী থেকে অতি সম্প্রতি হিন্দুত্ববাদী দলের নেত্রী হওয়া রনৌত। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের ভূমিপুত্রী এবারে বিজেপির হয়ে সেখান থেকেই লড়াই করছেন।
ভোটের মুখে কঙ্গনার এরকম প্রতিক্রিয়ার কারণ হল, কংগ্রেস নেতা বিজয় ওয়াদ্দেতিওয়ার দাবি করেন যে, কঙ্গনা রনৌত এর আগে গোমাংস ভক্ষণ করার কথা নিজের মুখেই স্বীকার করেছিলেন। কংগ্রেসের এই দাবিকে নিয়ে রাজনৈতিক মহলে জলঘোলা এবং হিন্দু ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে ভেবে এদিন সকালে এক্সবার্তা ও ইনস্টাগ্রামে এই `অপপ্রচারের` জবাব দিয়েছেন নেত্রী।
I don’t consume beef or any other kind of red meat, it is shameful that completely baseless rumours are being spread about me, I have been advocating and promoting yogic and Ayurvedic way of life for decades now such tactics won’t work to tarnish my image. My people know me and…
— Kangana Ranaut (Modi Ka Parivar) (@KanganaTeam) April 8, 2024
রনৌত বলেছেন, আমি কখনও গোমাংস কিংবা কোনও ধরনের লাল মাংস কোনওদিন খাইনি। সম্পূর্ণ ভিত্তিহীন গুজব ছড়ানোকে আমি লজ্জার বলে মনে করি। আমার বিরুদ্ধে যে অপপ্রচার চলছে তার কোনও ভিত্তি নেই। তিনি আরও লিখেছেন, আমি যোগ এবং আয়ুর্বেদে বিশ্বাস রাখি। দীর্ঘদিন ধরে আমি যোগ ও আয়ুর্বেদের সমর্থনে কথা বলেছি। এখন ভোটের আগে আমার ভাবমূর্তি খারাপ করতে এ ধরনের কৌশল বা অপচেষ্টা কাজে আসবে না। আমার কেন্দ্রের লোকজন আমাকে চেনেন। তাঁরা জানেন আমি নিজেকে হিন্দু বলতে গর্বিত বোধ করি। কোনওভাবেই আমার কেন্দ্রের ভোটারদের বিভ্রান্ত করা যাবে না। জয় শ্রীরাম, লিখেছেন কঙ্গনা রনৌত।
প্রসঙ্গত, গত সপ্তাহে কংগ্রেস নেতা বিজয় ওয়াদ্দেতিওয়ার দাবি করেন, কঙ্গনা এর আগে একটি এক্সবার্তা পোস্ট করে জানিয়েছিলেন যে, তিনি গোমাংস খান এবং খেতে পছন্দ করেন। যদিও বিজেপি নেতা শাইনা এনসি কংগ্রেস নেতার মন্তব্যের নিন্দা করেছিলেন। তাঁর অভিযোগ, কংগ্রেস বলতে চাইছে যে কঙ্গনা গোমাংস খান বলেই তাঁকে বিজেপি টিকিট দিয়েছে। কংগ্রেস যে নারীবিদ্বেষী রণদীপ সুরজেওয়ালা, সুপ্রিয়া শ্রীনাতে এবং এনার মন্তব্যে আরও একবার বোঝা গেল।