
হাওড়া বিজেপি-তৃণমূল সংঘর্ষ-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 20 May 2024 15:38
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: সকালের দিকে শান্তিপূর্ণ থাকলেও বেলা গড়াতেই তেতে ওঠে হাওড়ার উনসানি ষষ্ঠীতলা এলাকা। বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। মারপিটে জখম হয়েছেন দু-পক্ষের বেশ কয়েকজন।
উনসানি ষষ্ঠীতলা এলাকায় বিজেপির ক্যাম্প ভাঙচুর হয়। সেই খবর পেয়ে এলাকায় পৌঁছন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। তিনি যেতেই পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিজেপির কর্মী সমর্থকরা তাঁকে সামনে পেয়ে তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। রবিবার রাত থেকেই তারা এলাকায় সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেন।
প্রার্থীর সামনেই গন্ডগোলে জড়িয়ে পড়ে দু-পক্ষ। মারধরে মাথা ফাটে দু-পক্ষের বেশ কয়েকজনের। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ এবং র্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সোমবার দুপুরে উত্তেজনা ছড়ায় বালির শান্তরাম স্কুলেও। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলে শাসকদলের কর্মী এবং এজেন্টরা বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য মহিলা ভোটারদের প্রভাবিত করছে বাহিনী। এক এজেন্ট প্রতিবাদ করায় তাঁকে বের করে দেওয়ার হুমকি দেন কেন্দ্রীয় বাহিনী এক জওয়ান। এই নিয়েই শুরু হয় বিক্ষোভ। পুলিশের সঙ্গে বচসা বাধে তৃণমূল কর্মীদের। বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় ঘটনাস্থলে এসে নির্বাচন কমিশনে অভিযোগ করা হবে বলে জানান। তারপরেই শান্ত হয় পরিস্থিতি।