
মাছ বাজারে দিলীপ ঘোষ-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 5 May 2024 13:03
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: রবিবার সকালে বাজার করলেন দিলীপ ঘোষ। দুর্গাপুরে এক মাছ বিক্রেতার সঙ্গে দর-দাম করতে দেখা গেল তাঁকে। গড় গড় করে বলে দিলেন সব কটি মাছের নাম। শুধু তাই নয় মাছ বিক্রেতাকে ধূমপান না করার পরামর্শও দিলেন।
বাঙালির কাছে রবিবারের বাজার বিশেষ গুরুত্বপূর্ণ। মাছ, মাংস, ডিম, সবজি সবকিছুই এদিন বেশ সময় নিয়ে কেনেন অনেকেই। দুর্গাপুরের হেডকোয়ার্টার মোড়ের কাছে যে বাজার রয়েছে সকাল থেকেই শুরু হয়েছিল ক্রেতাদের আনাগোনা। প্রচারের আগে প্রাতঃভ্রমণে বেরিয়ে আচমকাই সেখানে ঢুঁ মারেন দিলীপ ঘোষ। বেশ কয়েকজন কর্মী ও নিরাপত্তারক্ষীও তাঁর সঙ্গে ছিলেন। তাঁর পরেই এক মাছ বিক্রেতার দিকে এগিয়ে যান দিলীপবাবু। জিজ্ঞেস করেন মাছের দাম। বাটা, লাইলেনটিকা, রুই মাছ দেখে দাম-দর শুরু করেন তিনি। সেই সময় বিক্রেতাকে বিড়ি খেতে দেখে ধূমপান নিয়ে সতর্কও করেন দিলীপবাবু। এরপরেই তিনি এক কিলো বাটা মাছ কিনে বাজার থেকে বেরিয়ে যান।
রবিবার দিলীপবাবুকে এই ভাবে মাছ কিনতে দেখে অনেকেই ভিড় জমিয়েছিলেন। দিলীপবাবু চলে যাওয়ার পরে মাছ বিক্রেতাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমার দোকানে আজ দিলীপ ঘোষ এসেছিলেন। দুশো টাকার বাটা মাছ কিনে নিয়ে গেলেন।"
শুক্রবার সুকান্ত মজুমদারের সঙ্গে পান্তাভাতে মধ্যাহ্ন ভোজ সেরেছিলেন দিলীপবাবু। সেখানে গরমে কিভাবে শরীর সুস্থ থাকবে তার পরামর্শও দেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন "প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে, লু কাটাতে ভরসা পান্তা ভাত। কৃষকরাও তপ্ত দুপুরে ধানখেতে বসে পান্তা দিয়েই মধ্যাহ্নভোজ সারেন। আমরা যারা এই রাজ্যে সমস্ত লোকসভা কেন্দ্রে পদ্ম ফোটানোর শপথ নিয়েছি, সুস্থ থাকতে আমাদের দুপুরের খাবার তাই পান্তা।" সেদিনও পান্তার সঙ্গে মাছ ভাজা, মন্তেশ্বর বাজার থেকে আনা টাটকা কলমি শাক ভাজা, কাঁচা পেঁয়াজ আর আচার ছিল।