
শেষ আপডেট: 12 March 2024 19:33
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার হওয়া প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে বসিরহাট লোকসভায় প্রার্থী করতে পারে সিপিএম।
লোকসভা ভোটে প্রার্থী ঘোষণা ও আসন বণ্টন নিয়ে আলোচনা করতে বুধবার বামফ্রন্টের বৈঠক ডাকা হয়েছে। তারপর বুধবার বিকেলে বা এ সপ্তাহের মধ্যে সিপিএম এক প্রস্ত প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে চাইছে। সেই তালিকায় বসিরহাটের প্রার্থীর নাম থাকতে পারে।
সন্দেশখালিতে শাহজাহানদের অত্যাচার, জমি ও ভেরি দখল ইত্যাদি নিয়ে অনেক দিন ধরে সরব নিরাপদ। সম্প্রতি সন্দেশখালি পর্বে প্রতিবাদের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন নিরাপদ। এলাকায় হিংসা ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল ১০ ফেব্রুয়ারি। আর এফআইআর হয় ৯ তারিখ। ১৭ দিন জেলবন্দি থাকার পর কলকাতা হাইকোর্ট নিরাপদকে শুধু জামিন দেয়নি, এই ঘটনায় পুলিশকে ভর্ৎসনাও করেছিল।
বসিরহাট লোকসভায় বরাবর প্রার্থী দিয়েছে বামফ্রন্টের শরিক দল সিপিআই। ৮০ এবং ৮৪ সালের লোকসভা ভোটে এই আসন থেকে জিতেছিলেন সিপিআইয়ের প্রবাদপ্রতীম নেতা ইন্দ্রজিৎ গুপ্ত। পরে মনোরঞ্জন শূর ও অজয় চক্রবর্তী এই আসন থেকে জিতে সাংসদ হন।
সূত্রের খবর, বসিরহাট লোকসভা আসন সিপিআই যাতে এবার তাঁদের ছেড়ে দেয় সেজন্য বুঝিয়েছেন মহম্মদ সেলিমরা। তাতে রাজিও হয়েছে সিপিআই। পরিবর্তে তমলুক ও কাঁথি দুটি আসনই হয়তো সিপিআইকে ছেড়ে দিতে হবে সিপিএমকে।
তমলুকে এবার বিজেপির প্রার্থী হতে চলেছেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে শাসক দল প্রার্থী করেছে দেবাংশু ভট্টাচার্যকে। সিপিএমের আগ্রহ রয়েছে তমলুকে প্রার্থী দেওয়ার। কারণ, এবার সেখানে নজর থাকবে। তা ছাড়া তমলুক আসনে বরাবর প্রার্থী দিয়েছে সিপিএমই। শুধু তা নয়, সিপিআই তেমন জবরদস্ত প্রার্থী দিতে পারবে, এমন সম্ভাবনাও কম। সেই পরিস্থিতিতে তমলুকের গোটা লড়াই অভিজিৎ বনাম দেবাংশু হয়ে যেতে পারে। তবে বসিরহাটে নিরাপদকে প্রার্থী করলেন সিপিএমকে হয়তো এই আসন শরিক দলকে ছেড়ে দিতে হতে পারে। বুধবার বামফ্রন্টের বৈঠকের পর সবটা পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।