
বুদ্ধদেব ভট্টাচার্য - প্রতীকী চিত্র
শেষ আপডেট: 4 May 2024 20:13
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই অসুস্থ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গত বছর হাসপাতালে চিকিৎসার পরে এখন ঘরেই নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বুদ্ধবাবু। খুব বেশি চলাফেরার সক্ষমতা নেই। বয়স আশির ঘর ছুঁয়েছে। কিন্তু এখনও জনমানসে বুদ্ধবাবুর ভাবমূর্তি স্বচ্ছ, আবেদন বল্গাহীন। ভোটের প্রচার থেকে বহু দূরে থাকা বুদ্ধবাবুকে এবার সরাসরি ভোটারদের সামনে হাজির করার অভিনব পন্থা নিল সিপিআই(এম)। বিশ্বজুড়ে নতুন করে জনপ্রিয় হতে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে এবার সরাসরি সমাজমাধ্যমে বুদ্ধবাবুর অবয়বকে তুলে ধরা হল দলের তরফে।
শনিবার সন্ধ্যে নাগাদ সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সমাজমাধ্যম পোস্টে বুদ্ধবাবুর এআই-অবয়ব সম্বলিত একটি ভিডিও পোস্ট করা হয়। তাতে দেখা যায়, স্বভাবসিদ্ধ ধুতি-পাঞ্জাবিতে মন্দ্র কণ্ঠে বুদ্ধবাবুর অবয়ব বলছে, 'সন্দেশখালিতে যে অন্যায় করেছে তৃণমূল, তার কোনও ক্ষমা নেই। রাজ্যে কর্মসংস্থান নেই। মহিলাদের সম্মান নেই। দূর্নীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্যটা। আমরা রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম। আমরা বলেছিলাম, শিল্প হবে, কৃষির উন্নতি হবে, ছোট-ছোট ছেলেমেয়েদের চাকরি হবে। ওদিকে কেন্দ্রে ক্ষমতা দখল করে বসে আছে দাঙ্গাবাজ বিজেপি। দূর্নীতিগ্রস্থ বিজেপি। নোটবন্দি করল, কর্পোরেটদের যথেচ্ছ তোষণ, এখন ইলেকটোরাল বন্ডের মত দূর্নীতি। জিনিসপত্রের দাম বাড়ছে। সঙ্গে সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে বিজেপি, আর.এস.এস।' ভিডিওটিতে বুদ্ধবাবুর নকল কণ্ঠস্বরের পাশাপাশি পিছনে আবহসঙ্গীতও ব্যবহার করা হয়েছে। দেওয়া হয়েছে সাম্প্রতিক হলিউডি ব্লকবাস্টার ছবি ক্রিস্টোফার নোলানের 'ওপেনহাইমার' থেকে নেওয়া একটি যন্ত্রসঙ্গীত।
গত বছরের অগস্টে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বুদ্ধদেব। চিকিৎসকদের তৎপরতায় ও যত্নে কোনও বড়সড় ঝুঁকি ছাড়াই তাঁকে খানিক সুস্থ করে বাড়ি আনা হয়। এখনও পাম অ্যাভিনিউয়ের ছোট্ট দু-কামরার ফ্ল্যাটেই থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিন্দুমাত্র আড়ম্বর পছন্দ করেন না। নিজের শোবার ঘরে এখনও সঙ্গী তাঁর প্রিয় কিছু বইপত্র। অসুস্থতা ও দৃষ্টিশক্তির ক্ষীণতায় নিজে বেশিক্ষণ পড়তে পারেন না, কিন্তু নিয়মিত তাঁকে খবরের কাগজ বা নানা বইপত্র পড়ে শোনান স্ত্রী মীরা ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন বুদ্ধবাবুর বাড়িতে গিয়ে দেখা করেছিলেন অধুনা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
কিন্তু সক্রিয় রাজনীতিতে আর কখনও দেখা যায়নি বুদ্ধবাবুকে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সিপিএমের ব্রিগেডে গাড়িতে চেপে হাজির হয়েছিলেন বুদ্ধবাবু। কিন্তু অসুস্থতার জন্য গাড়ি থেকেই নামতে পারেননি। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছেন, এতেই যা গর্জন ওঠে ময়দানে, সিপিএম নেতৃত্ব বুঝতে পারেন, বুদ্ধবাবুর ভাবমূর্তি এখনও অমলিন। সেই সুবাদেই এবার এআই ব্যবহার করে বুদ্ধবাবুর সেই ভাবমূর্তিকেই কাজে লাগতে চাইছে সিপিএম নেতৃত্ব।