
শেষ আপডেট: 15 April 2024 11:40
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরকে "গদ্দারের জেলা" বলায় বাংলার নববর্ষে উত্তপ্ত নন্দীগ্রাম। রবিবার এরই প্রতিবাদে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারের কাছে তৃণমূলের পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেয় বিজেপি। এমনকী তৃণমূলের পার্টি অফিসে বিজেপির পতাকাও বেঁধে দেয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনার প্রতিবাদে ঘটনাস্থলে যান তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। দলের কর্মীদের নিয়ে পার্টি অফিসের তালা ভেঙে ছিঁড়ে ফেলে দিলেন বিজেপির পতাকা।
এরপরে একটি সাংবাদিক বৈঠক করে দেবাংশু বলেন, "এই জেলায় গদ্দার আছে, এটা বোঝাতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার মানুষকে গদ্দার বলেননি, এটা সতীশ সামন্তের জেলা। এই জেলার মানুষ মেরুদণ্ড বাঁকাতে জানে না। যদি কিছু বক্তব্যে প্রতিবাদ করার থাকে তা নিয়ম মেনে প্রতিবাদ করবে। তাই বলে অন্যের পার্টি অফিস দখল করার রাজনীতি করবে! দিলীপ ঘোষ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটু কথা বলেছেন, আমরা কী তাদের পার্টি অফিস দখল করতে গেছি? আমরা প্রতিবাদ জানিয়েছি, নিয়ম মেনে।"
এরপরেই তৃণমূল পার্টি অফিসে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে সরব হন দেবাংশু। তিনি বলেন, "আমাদের পার্টি অফিসের সামনে, আমাদের জায়গায়, আমরা আমাদের মতো করে প্রতিবাদ জানাবো। কিন্তু অন্যের জায়গায় ঢুকব কেন? আমরাও এবার অন্যের জায়গায় ঢুকব, হুঁশিয়ারি দিলাম।"
বিজেপি নেতা প্রলয় পালের দাবি, "মুখ্যমন্ত্রী যতদিন না গদ্দারের জেলা বলার জন্য ক্ষমা চাইবেন, ততদিন পর্যন্ত বিক্ষোভ চলবে।"