
শেষ আপডেট: 16 March 2024 09:01
দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএএ আইনের ফলে সারা দেশের মাত্র ৩১ হাজার ৩১৩ জন ব্যক্তি উপকৃত হবেন! আইবির রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে বলে দাবি তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের।
ভোট প্রচারে সিএএ ইস্যুকে যখন বিজেপি অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে তখন আইবি রিপোর্টকে সামনে রেখে তৃণমূলের প্রশ্ন, সংখ্যালঘুদের তাড়াতেই কি সিএএ?
এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমে একটি পোস্ট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। গোখেলের প্রশ্ন, "প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই আইনকে শরণার্থী দরদী এক দুর্দান্ত আইন হিসাবে দেখানোর চেষ্টা করছেন। অথচ আইবি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই আইনে মাত্র ৩১ হাজার ৩১৩ জন ব্যক্তি উপকৃত হবে। তাহলে কি এনআরসি জারি করে সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেওয়াই এই আইন আনার আসল লক্ষ্য?"
সমাজ মাধ্যমে গোখলের পোস্ট ইতিমধ্য়ে ভাইরাল। সিএএ আইন নিয়ে বিরোধীরা প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে হিন্দু ভোট মেরুকরুণের অভিযোগ এনেছে। চার বছর আগে তৈরি হওয়া বিল, কেন ভোটের মুখে পাশ করানো হল, সেই প্রশ্নও তোলা হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভা থেকে পরিষ্কারভাবে জানিয়েছেন, সিএএ তাঁরা মানবেন না। এভাবে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়াকে বরদাস্ত করা হবে না।
বিরোধীদের আরও অভিযোগ, মূল্যবৃদ্ধি, বেকারত্বর মতো দেশবাসীর জ্বলন্ত সমস্যাগুলি থেকে নজর ঘোরাতেই ভোটের ঠিক মুখে সিএএ-র প্রচার সামনে এনেছে নরেন্দ্র মোদীর সরকার। ইতিমধ্যে যার প্রতিবাদে সরব কংগ্রেস, তৃণমূল, সিপিএম-সহ একাধিক বিরোধী দলগুলি। এখন দেখার গোখলের আনা অভিযোগের প্রেক্ষিতে মোদী-শাহ কী বলেন। তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।