
ব্রাত্য বসু ,পার্থ ভৌমিক, অর্জুন সিং
শেষ আপডেট: 9 April 2024 16:47
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মন্ত্রী পার্থ ভৌমিক নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন, এমন অভিযোগ এনে তাঁর 'মন্ত্রী' পদ খারিজ করার জন্য কমিশনের দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং।
লোকসভা নির্বাচনে শাসক-বিরোধী লড়াই জমে উঠেছে। ব্যারাকপুরের ভোটের ময়দানে মুখোমুখি লড়াই করতে চলেছেন পার্থ ভৌমিক ও অর্জুন সিং। যতদিন যাচ্ছে তাঁদের বাকযুদ্ধ ততই ঝাঁঝাল হচ্ছে।
সোমবার ইছাপুরে একটি প্রেক্ষাগৃহে তৃণমূলের একটি শিক্ষক সমাবেশ ছিল। উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্তের শিক্ষক শিক্ষিকারা সেখানে উপস্থিত ছিলেন। এই সমাবেশের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিকের উপস্থিতি।
এবিষয়ে নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের দাবি, নির্বাচনী বিধি জারি হওয়ার পরেও তৃণমূলের ওই শিক্ষক সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। এতে তিনি নির্বাচন বিধি লঙ্ঘন করেছেন। বিষয়টি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে অর্জুন সিং জানান।
তিনি বলেন, "ভোটেও দুর্নীতি করার চেষ্টা করছে তৃণমূল। এলাকার ডিএম, পুলিশ আধিকারিকদের কল ডিটেল নির্বাচন কমিশন চেক করলে সকাল থেকে রাত পর্যন্ত এই তৃণমূল নেতার নম্বর পাবেন। হুমকি দিয়ে ভোটারদের দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।"
শুধু পার্থ ভৌমিককেই নয়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও আক্রমণ করেন অর্জুন। তিনি বলেন, "শিক্ষা মন্ত্রীকে তো সাসপেন্ড করা উচিত। যে বিভাগের উনি মন্ত্রী সেখানে পয়সা দিয়ে চাকরি পাওয়া যায়। ওনার অফিসেও অনেকবার ইডি সিবিআই তল্লাশি চালিয়েছে। উনি কী করেছেন, সেটা তদন্তের পরেই বোঝা যাবে।"