
শেষ আপডেট: 31 March 2024 17:41
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ভোট প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। রবিবার নলহাটি-২ নম্বর ব্লকের নোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের গোকুলপুর গ্রামে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয়।
চতুর্থবার লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন শতাব্দী। বীরভূমের প্রত্যন্ত এলাকার মানুষের সমস্যার কথা তাঁর অজানা নয়। এদিন প্রচারে বেরিয়েছিলেন শতাব্দী। গোকুলপুর গ্রামে কর্মীদের নিয়ে পৌঁছলে তাঁকে ঘিরে ধরেন স্থানীয়রা। রাস্তার দাবি জানাতে থাকেন।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে গ্রামের রাস্তা সারানো হয়নি। তাতে যাতায়াতের সমস্যা হচ্ছে। গ্রামবাসীদের সেই ভাঙাচোরা রাস্তা ব্যবহার করতে হয়। বর্ষাকালে আরও দুরাবস্থার সম্মুখীন হতে হয় তাঁদের। এক হাঁটু পাঁকের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়। পঞ্চায়েত প্রশাসনকে বলেও কোনও সুরাহা হয়নি। রাস্তা খারাপ হওয়ায় অ্যাম্বুল্যান্স সহ বড় গাড়িও গ্রামে ঢুকতে পারে না।
গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েও ধৈর্য্য হারাননি শতাব্দী। তিনি বহুক্ষণ ধরে বাসিন্দাদের বোঝাতে থাকেন। পরে তিনি একটি মাইক হাতে নিয়ে বলেন, 'অতীতের দিকে তাকিয়ে কোনও লাভ নেই, তাহলে এগোন যায় না। দ্রুত গ্রামের রাস্তা সংস্কার করার জন্য আমি চেষ্টা করব।'