
শেষ আপডেট: 3 March 2024 14:54
দ্য ওয়াল ব্যুরো: শনিবার লোকসভা নির্বাচনের প্রথম তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাতে বাংলার ২০ জন প্রার্থীর নাম রয়েছে। ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিজেপির খড়গপুরের বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে।
প্রার্থী হওয়ার পরই প্রচারে নেমে পড়েছেন হিরণ। শুধু তাই নয়, প্রচারে নেমেই ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দেবকে আক্রমণও শানিয়েছেন তিনি। 'চোর সরকারের চোর প্রার্থী', বলেও দেবকে কটাক্ষ করেছেন হিরণ। এ ব্যাপারে দেব এর অবশ্য প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
তবে প্রার্থী হওয়ার পরই হিরণ যেভাবে দেবকে আক্রমণ শানিয়েছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল তৈরি হয়েছে। অনেকের মতে, সবে শুরু, ভোট যত এগিয়ে আসবে আক্রমণের ঝাঁঝও তত বাড়বে।
কয়েক মাস আগে দেব আর ভোটে দাঁড়াবেন না বলে জানিয়েছিলেন ঘনিষ্ঠমহলে। এমনকী দলনেত্রীর কাছে নিজের ইস্তফাপত্রও পাঠিয়েছিলেন। যা নিয়ে সে সময় রাজনৈতিক মহলে জোর শোরগোল তৈরি হয়েছিল। পরে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর নিজের মত বদলে দেব জানিয়েছিলেন, তৃণমূল নেত্রীর নির্দেশ মেনে এবারেও তিনি ঘাটাল থেকেই প্রার্থী হচ্ছেন।
ওই প্রসঙ্গ টেনে এদিন হিরণ বলেন, " গত এক মাস ধরে নাটক করছিল যে আমি রাজনীতি করব না, রাজনীতি ছেড়ে দেব। ওগুলো সব নিজের ভাও বাড়ানোর জন্য করছিল। আর ওনার দলের যে শত্রু ছিল শঙ্কর দোলুই ওকে দল থেকে চক্রান্ত করে বার করে দিয়ে পুরো সেভ গার্ড খেলে আবার ভোটে দাঁড়িয়ে গেলেন।"
সাংসদ হিসেবে দেবের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছেন হিরণ। ঘাটালের বিজেপির প্রার্থীর দাবি, "গত দশ বছরে ঘাটালের মানুষ ওকে দেখে নিয়েছে। কত ঢপবাজি মেরেছেন উনি। একজন সাংসদ সারাক্ষণ শুটিং করে বেড়ান। উনি পার্লামেন্টে ইলেভেন পার্সেন্ট পৌঁছেছেন। আর মিথ্যে কথা বলে বেড়াচ্ছেন যে উনি নাকি মোদীজীর সঙ্গে লড়াই করছেন।"
ঘাটাল মাস্টারপ্ল্যানের প্রসঙ্গও টেনে এনেছেন হিরণ। অভিনেতার কথায়, "আমি যেই বললাম, সেন্ট্রাল মিনিস্ট্রি থেকে ঘাটাল মাস্টারপ্ল্যানের অনুমোদন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেটাকে চাপা দেওয়ার জন্য আর একটা মিথ্যে চাপিয়ে দিল। উনি বললেন, আমার মুখ্যমন্ত্রী এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে।"
এরপরই দেবকে 'চোর সরকারের চোর প্রার্থী' আখ্যা দিয়ে হিরণ বলেন, "মানুষ এত বোকা নয়। । চোরেদের আর মানুষ ভোট দেবে না। মানুষ বুঝে গেছে সে সেলিব্রিটি হোক বা অভিনেতা, চোর সরকারের চোরেদের মানুষ আর ভোট দেবে না।"