
শেষ আপডেট: 9 January 2021 08:00
এবার থেকে আপনিও মন ভরে কেক খেতে পারবেন। ভাবছেন কীভাবে? সেটা জানতে গেলে যে, চোখ রাখতে হবে এখানে। কলার কেক তৈরি করার মূল উপাদান হল কলা, যা স্বাস্থ্যকর ও সুস্বাদু। এরইসঙ্গে আরও কিছু উপকরণ লাগবে। তবে সবগুলোই পেয়ে যাবেন হাতের কাছে। তাহলে অপেক্ষা কিসের, দেখে নিন কীভাবে বানাবেন ডিম ছাড়া বানানা কেক।
উপকরণ
১.পাকা কলা- ৪ টে (৩০০ গ্রাম)
২. আটা- হাফ কাপ বা ১৮০ গ্রাম
৩. বেকিং পাউডার- ১ চামচ
৪. খাবার সোডা- হাফ চামচ
৫. নুন- এক চিমটে
৬. চিনি- হাফ কাপ
৭. সাদা তেল- ২/৩ কাপ
৮. ভ্যানিলা ফ্লেভার- ১ চামচ
৯. পরিমাণ মতো আখরোট
প্রণালী
১. ওভেনকে প্রথমে প্রি-হিট করতে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে।
২. তারপর কলাগুলো ছোট ছোট টুকরো করে নিতে হবে। টুকরোগুলো একটা বাটিতে নিয়ে ভাল করে মেখে নিতে হবে। প্রয়োজনে ব্লেন্ডারে ফেলেও কলার টুকরোগুলোকে পিষে নিতে পারেন।
৩. এবার কলার পেস্টের সঙ্গে পরিমাণ মতো চিনি, তেল এবং ভ্যানিলা মিশিয়ে সবকটি উপকরণ ভাল করে মেখে নিতে হবে।
৪. খেয়াল করবেন চিনি এবং তেলটা যেন কলার পেস্টের সঙ্গে ভাল করে মিশে যায়।
৫. এবার একটা চালুনি দিয়ে আটা, বেকিং সোডা এবং বেকিং পাউডারটা ভাল করে চেলে নিতে হবে। তারপর কলার মিশ্রনের সঙ্গে সেগুলো মিশিয়ে দিতে হবে। স্বাদ মতো নুন মেশাতে পারেন কলার মিশ্রনে।
৬. ভাল করে এবার সবকটি উপকরণ মেশান, প্রয়োজনে দুহাত দিয়ে মেখে নিতে হবে পেস্ট।
৭. পরিমাণ মতো আখরোট দিয়ে আবার সবকটি উপকরণ ভাল করে মাখতে হবে।
৮. এবার পুরো মিশ্রনটি গোলকার একটা কেক তৈরির চাটুতে ঢেলে নিতে হবে, সবটা ঢালা হয়ে গেলে চাটুটা ওভেনের মধ্যে রাখুন। এরপর ৪০-৫০ মিনিট মিশ্রনটি বেক করুন। যখন দেখবেন কেকটা তৈরি হয়ে গেছে তখন ওভেন থেকে বার করে আনুন।
কেকটা ঠান্ডা হলেই ইচ্ছে মতো আকারে কেটে নিন আর পরিবেশন করুন অতিথিদের।