দ্য ওয়াল ব্যুরো: চকোলেট। এই শব্দটা শুনলে মুখে একগাল হাসি দেখা যায় না এমন লোকের সংখ্যা এ পৃথিবীতে নেহাতই হাতে গোনা। চকোলেট খেতে ভালোবাসে না এমন লোকও জগতে বড়ই কম। আট হোক বা আশি চকোলেটের প্রতি লোভ রয়েছে সব বয়সের মানুষেরই। কিন্তু চকোলেট খেলেই নাকি শরীরে বাসা আবঁধবে নানান রোগ। অন্তত ছোটবেলা থেকে আমরা তেমনটাই শুনে বড় হয়েছি। দাঁতে ব্যথা থেকে পেটে অস্বস্তি সবই নাকি হয় ওই চকোলেটের প্রতি অতিরিক্ত ভালোবাসার জন্য।
তবে সম্প্রতি এক গবেষণা বলছে একদম অন্য কথা। ওই গবেষণায় বলা হয়েছে, চকোলেট খেলে নাকি নষ্ট হবে না আপনার শ্রবণশক্তি। মাঝ বয়সেই কানে কম শোনার প্রবণতাও দেখা যাবে না। সম্প্রতি এক গবেষণায় এমনটাই বলা হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের একদল চিকিৎসক এই গবেষণা করেছেন। সেখানে দেখা গিয়েছে ৪০ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে যাঁরা চকোলেট খান তাঁদের তুলনায় বাকিদের মধ্যে কানে শোনার সমস্যা বেশি। অর্থাৎ চকোলেট যাঁরা খান তাঁরা বুড়ো বয়সেও হিয়ারিং এড ছাড়াই দিব্যি কানে শুনতে পাবেন। বা বলা ভালো কানে শোনার যন্ত্রটা বাকিদের তুলনায় কয়েকদিন পরে প্রয়োজন হবে।
সায়েন্টিফিক জার্নাল নিউট্রিয়েন্টসের একটি রিপোর্টে বলা হয়েছে চকোলেটে থাকা মূল উপাদান কোকো-তে থাকে একটি বিশেষ ধরণের কেমিক্যাল। যার নাম পলিফেনলস। এই পলিফেনলসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। আর এইসব উপাদানই মাঝবয়সে শ্রবণশক্তি হারানোর বা কমে যাওয়ার থেকে আপনাকে বাঁচাবে। ৩৫৭৫ জন মাঝবয়সী মহিলা এবং পুরুষকে নিয়ে এই সমীক্ষা করা হয়েছে। আর দেখা গিয়েছে তাঁদের মধ্যে যাঁরা চকোলেট খেয়ে অভ্যস্ত তাঁদের কানে শোনার ক্ষমতা বাকিদের তুলনায় অনেকটা ভালো। অতএব গবেষণা এবং সমীক্ষা অনুযায়ী, চকোলেটই নাকি কানে শোনার সমস্যাকে কমাতে সাহায্য করবে।