দ্য ওয়াল ব্যুরো: ক্যানসার মারণব্যাধি। স্তন ক্যানসারও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে আধুনিক পৃথিবীতে নারীমৃত্যুর অন্যতম কারণ এই ক্যানসার। তথ্য বলছে, প্রতি ৮ জন মহিলার মধ্যে একজন মহিলার স্তন ক্যানসার হতে পারে। তবে আগেভাগেই চিনে ফেলতে পারলে কিন্তু মৃত্যু ঠেকানো যায়।
চিকিৎসকরা বলেন, স্তনে ক্যানসার হয়েছে কিনা বুঝতে সেলফ অ্যাসেসমেন্ট দারুন কার্যকরী। ঘরে শুয়ে, বসে বা দাঁড়িয়েই চেনা যায় স্তন ক্যানসারের লক্ষ্মণ।
কীভাবে করবেন সেলফ অ্যাসেসমেন্ট
বিছানায় শুয়ে ডান দিকের কাঁধের ওপর একটি বালিশ রাখুন। ডান হাত মাথার পেছনে দিন। এবার বাম হাতের আঙুল দিয়ে চক্রাকারে ডান পাশের স্তন পুরোটা পরীক্ষা করুন। স্তনবৃন্ত চেপে ধরে নিশ্চিত হয়ে নিন কোনও তরল নিঃসৃত হচ্ছে কি না কিংবা কোনওরকম অস্বাভাবিক কিছু হাতে ঠেকছে কিনা। একইভাবে এবার বাম পাশের স্তন পরীক্ষা করুন।

দাঁড়িয়ে দাঁড়িয়েও পরীক্ষা করতে পারেন। আয়নার দু'পাশে হাত রেখে দাঁড়ান। দু'দিকের স্তনের মধ্যে কোনও অসামঞ্জস্য আছে কিনা লক্ষ্য করুন। এবার মাথার ওপর দু'হাত তুলুন। মাথার পাশে রাখুন। দেখুন দু'দিকে কোনও অসামঞ্জস্য নজরে পড়ে কিনা। এর পরে হাতের চেটো দিয়ে প্রথমে একদিকের ও পরে অন্যদিকের স্তন পরীক্ষা করুন। কোনওরকম ঢাকা বা ফোলা ভাব আছে কিনা ভাল করে লক্ষ্য করুন।
এবার দেখুন নিপল বা স্তনবৃত্তে কোনও পরিবর্তন হয়েছে কিনা। একদিকের নিপল ভেতর দিকে ঢুকে গেছে কিনা বা নিপলের পাশে কোনও নতুন দাগ আছে কিনা। যদি কোনও দাগ বা ঘায়ের সন্ধান পান, তা হলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।

সতর্কতার বিকল্প নেই
যদি দেখেন স্তনের ভেতর কোনও কিছু জমাট বেঁধে আছে বলে মনে হচ্ছে বা কোনও মাংসপিণ্ডের মতো কিছু অনুভব করছেন যেটার অস্তিত্ব আগে ছিল না, তাহলে সতর্ক হোন। এটা ছোট কিংবা বড় হতে পারে, অনেক সময় বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতরে অনুভূত হয়।
স্তনের চামড়ায় কোনও ধরনের পরিবর্তন দেখা দিলে, যেমন কুঁচকে যাওয়া, গর্ত হয়ে যাওয়া, কালশিটে পড়া, ঘা হওয়া, স্তনের রং বদলে যাওয়া, লালচে র্যাস হওয়া, স্তনের চামড়া ওঠা ইত্যাদি দেখলে সতর্ক হোন।

স্তনবৃন্তে যদি পরিবর্তন আসে, যেমন বৃন্ত ভেতরে ঢুকে যাওয়া, শক্ত হয়ে যাওয়া, ঘা হওয়া কিংবা অস্বাভাবিক লালচে রং দেখা দেওয়া, অথবা স্তনবৃন্ত থেকে কোনও ধরনের তরল পড়া, স্তনে ক্রমাগত ব্যথা বা মাঝেমাঝে টনটনে ব্যথা হয়, তাহলে ডাক্তার দেখিয়ে নিন।
আরোগ্য সম্ভব
একটা সময় ধারণা ছিল, স্তনে ক্যানসার হলেই বুঝি স্তন কেটে বাদ দিতে হয়। তবে এমনটা সবসময় সত্যি নয়। প্রাথমিক অবস্থায় ধরে ফেলতে পারলে স্তন অক্ষত রেখেই ক্য়ানসার নির্মূল করা যায়। তাই এখনই সাবধান হোন, পরীক্ষা করুন নিজেকে।