
শেষ আপডেট: 8 April 2024 23:51
দ্য ওয়াল ব্যুরো: ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউ টি আই (Urinary tract infections/UTI) এখন খুব পরিচিত একটি সমস্যা। মূলত ব্যাকটেরিয়ার কারণে মূত্রনালিতে এই সংক্রমণ হয়। যে কোনও বয়সি পুরুষ বা মহিলা এই রোগে আক্রান্ত হতে পারেন, তবে মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। ডাক্তাররা বলছেন, গরমের সময় ইউটিআই আরও বেড়ে যায়। ৬ মাসে অন্তত ৩ বার সংক্রমণ হতে পারে। তাই সাবধান থাকতে হবে সবদিক থেকেই।
ডাক্তারবাবুরা বলছেন, গরমের সময় যদি শরীর ডিহাইড্রেটেড বা জলশূন্য হয়ে যায় তাহলে প্রস্রাব কমে যায়। প্রস্রাবের জায়গায় জ্বালা করে। শরীর শুষ্ক হলে ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ে, ব্যাকটেরিয়া দীর্ঘসময় স্থায়ী হয়, ফলে সংক্রমণের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়।
কেন হয় সংক্রমণ?
ব্লাডার বা মূত্রথলি থেকে যে নালিটির মাধ্যমে মূত্র দেহের বাইরে বেরোয়, তার নাম ইউরেথ্রা। ছেলেদের ক্ষেত্রে এই ইউরেথ্রা ১৫-২০ সেমি দৈর্ঘ্যের, মেয়েদের ক্ষেত্রে দূরত্বটা খুব কম, মাত্র ৪ সেমি। তাই ছেলেদের ইউরেথ্রা থেকে ব্লাডার পর্যন্ত রাস্তাটা অতিক্রম করতে জীবাণুর যে সময়টা লাগে, মেয়েদের ক্ষেত্রে লাগে তার চেয়ে অনেকটাই কম। তা ছাড়া, মেয়েদের পুরো সিস্টেমটাই শরীরের ভিতরে, ছেলেদের মূত্রনালি শরীরের বাইরে। সেটাও বাড়তি সুবিধে। দু’ নম্বর, ছেলেদের প্রস্রাব আর মলদ্বারের মাঝে অনেকটা দূরত্ব আছে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই দূরত্বটাও খুব কম। ফলে মলদ্বারের মাধ্যমেও ব্যাকটেরিয়া ইউরিনারি ট্র্যাক্টের (UTI) সংস্পর্শে আসতে পারে। তিন নম্বর, মলদ্বার আর প্রস্রাবের দ্বারের মাঝে থাকে ভ্যাজাইনা। ভ্যাজাইনা থেকেও কিন্তু সংক্রমণ হওয়ার একটা আশঙ্কা আছে।
কিছু ব্যাকটেরিয়া আছে যা সাধারণত আমাদের খাদ্যনালীতে থাকে, সেগুলি কোনও কারণে মূত্রনালিতে এসে হাজির হলে তখনই সংক্রমণ হয়। খাদ্যের পাচনের জন্য এগুলি শরীরের প্রয়োজন, কিন্তু কোনও কারণে তা মূত্রনালিতে এসে গেলেই হয় বিপদ। ই কোলাই এই ধরনের ব্যাকটেরিয়া। তাছাড়া আরও কারণ আছে। অপরিচ্ছন্ন টয়লেট ব্যবহার করলে, যোনি পরিষ্কার না রাখলে, খুব আঁটোসাঁটও অন্তর্বাস পরলেও প্রস্রাবের সংক্রমণ বা ইউটিআই (UTI) হতে পারে।
কীভাবে সাবধান থাকবেন?
প্রথম হচ্ছে পরিচ্ছন্নতা বজায় রাখা। যাঁরা নিয়মিত পুকুরে বা সুইমিং পুলে সাঁতার কাটেন, তাঁরা পরিচ্ছন্নতার ব্যাপারে বিশেষ সতর্ক থাকুন। এই ধরনের জলাশয় থেকে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে।
প্রতিবার মূত্রত্যাগের পর জায়গাটা জল দিয়ে ধুয়ে মুছে নিতে হবে।
প্রচুর জল খেতে হবে – তাতে বারবার মূত্রত্যাগ করতে হলেও অসুবিধে নেই। যত বেশিবার শরীর থেকে মূত্র নির্গত হবে, তত কমবে জীবাণুর মূত্রনালিতে বাসা বাঁধার আশঙ্কা।
বাইরে বেরনোর থাকলে অনেক সময় মহিলারা জল কম খান, সেটা একেবারেই করা উচিত নয়। যাঁরা পাবলিক টয়লেট ব্যবহার করেন, তারা সঙ্গে টয়লেট সিট ক্লেনজ়ার ক্যারি করুন সব সময়।
অনেকে মনে করেন, ক্র্যানবেরি জ্যুস বা ফল ইউটিআই ঠেকিয়ে রাখতে পারে। বিষয়টি এখনও পরীক্ষামূলক জায়গায় রয়েছে। হ্যাঁ, এ কথা ঠিক যে ক্র্যানবেরিতে উপস্থিত কিছু কিছু রাসায়নিক এমন কিছু ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে যার কারণে ইউটিআই হওয়ার আশঙ্কা থাকে। তবে একবার সংক্রমণ হয়ে গেলে কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক খেতেই হবে।
অন্তর্বাস কাচুন নিয়মিত। সেই ক্ষেত্রেও অতিরিক্ত কড়া সাবান ব্যবহার না করাই ভাল। কাচার পরে কড়া রোদে শুকোনো জরুরি। অন্ধকার, স্যাঁতস্যাঁতে জায়গায় শুকনো করা অন্তর্বাস কিন্তু সংক্রমণের কারণ হতে পারে।
ঋতুস্রাবের সময়ে নির্দিষ্ট সময়ের অন্তরে ন্যাপকিন বদল করার কথা আলাদা করে বলার বিষয় নয়। তার পরেও সমস্যা এড়াতে মেনস্ট্রুয়াল কাপ ভাল বিকল্প হতে পারে ঋতুস্রাবকালীন যোনি-সমস্যার সুরাহায়।