প্রেমিকার মৃত্যুর ভয়াবহ স্মৃতি, মানসিক ক্ষত আর যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না বহুদিন ধরেই। চেষ্টা করেছিলেন নিজেকে ঠিক রাখার কিন্তু কোথায় কী, মানসিক অবসাদ ধীরে ধীরে গ্রাস করতে শুরু করে বছর ৩০-এর যুবককে।

রোই ও তাঁর প্রেমিকা
শেষ আপডেট: 13 October 2025 11:04
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালে হামাসের হামলায় প্রেমিকা ও বন্ধুকে চোখের সামনে হারিয়েছিলেন রোই শালেভ (Roei Shalev)। সেই শোক কাটেনি দু'বছর পেরিয়েও, শেষ পর্যন্ত নিজেও প্রাণ দিলেন। হামাসের হাত থেকে মুক্তি পেয়েও বাঁচতে পারলেন না বেশিদিন।
প্রেমিকার মৃত্যুর ভয়াবহ স্মৃতি, মানসিক ক্ষত আর যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না বহুদিন ধরেই। চেষ্টা করেছিলেন নিজেকে ঠিক রাখার কিন্তু কোথায় কী, মানসিক অবসাদ ধীরে ধীরে গ্রাস করতে শুরু করে বছর ৩০-এর যুবককে। ফল, আত্মহত্যা।
তেল আভিবের (Tel Aviv) ঘটনা। ইজরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রোই, লিখেছিলেন, “আমার উপর রাগ কোরো না। কেউ আমাকে বুঝবে না, সেটা জানি। এই যন্ত্রণা আর নিতে পারছি না। আমি বেঁচে আছি, কিন্তু ভিতরে ভিতরে মরে গেছি।”
এর কয়েক ঘণ্টার মধ্যেই একটি ঝলসানো গাড়ি থেকে তাঁর পুড়ে যাওয়া দেহ উদ্ধার হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি পেট্রোলের ক্যান কিনেছিলেন রোই। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির ভেতরে ওই ক্যান জ্বালিয়ে আত্মঘাতী হয়েছেন।
দু'বছর আগে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন জঙ্গিরা গাজা (Gaza) থেকে ইজরায়েলে ঢুকে ভয়াবহ আক্রমণ চালায়। নোভা মিউজিক ফেস্টিভ্যালের (Nova Music Festival) মাঠ তখন রক্তে ভেসে যাচ্ছে। ওই হামলায় মারা যান অন্তত ৩৭৮ জন, যাঁদের মধ্যে ৩৪৪ জনই সাধারণ নাগরিক।
সেদিন রোই শালেভ, তাঁর প্রেমিকা মাপাল আদাম (Mapal Adam) এবং বন্ধু হিলি সলোমন (Hilly Solomon) পালিয়ে একটি গাড়ির নীচে লুকোনোর চেষ্টা করেন। শালেভ শুয়ে পড়েছিলেন আদামের উপর, মৃতের ভান করে ঘণ্টার পর ঘণ্টা পড়েছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি, জঙ্গিদের গুলিতে সেখানেই প্রাণ হারান আদাম। বন্দি করা হয় রোই-কে কিন্তু পরে ছাড়া পান তিনি।
এই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাঁর মা-ও সহ্য করতে পারেননি সেই আঘাত, ঘটনার কয়েক দিন পর তিনি নিজের গাড়িতে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন। আর প্রেমিকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আত্মঘাতী হলেন রোই।
অনেকেই জানাচ্ছেন, এই সপ্তাহে হামলার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নোভা ট্রাইব কমিউনিটি (Nova Tribe Community Foundation) একটি অনুষ্ঠান আয়োজন করেছিল। সেখানে উপস্থিত ছিলেন এই যুবক। ধীর-শান্ত মুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছিল তাঁকে।
মাপাল আদামের দিদি, মায়ান আদাম (Maayan Adam) লিখেছেন, 'রোইকে আমরা ৭ অক্টোবরেই হারিয়েছি, ও শুধু আজ শারীরিকভাবে চলে গেল। আশা করি, এখন ওরা দু’জন একসঙ্গে আছে, হাসছে, আগের মতো।' রোই শালেভকে স্মরণ করে নোভা ট্রাইব কমিউনিটি জানিয়েছে, 'ও ছিল আমাদের সমাজের স্তম্ভ। সাহস, মানবিকতা, নেতৃত্ব, আর বন্ধুদের পাশে দাঁড়ানোর ক্ষমতা, আমাদের বিরাট শিক্ষা দেবে।'