Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

এপস্টিনের ঠেলায় স্টারমারের কুর্সি নড়বড়ে, ব্রিটেন কি তবে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী পাচ্ছে?

ব্যক্তিগত কোনও অনিয়মের অভিযোগ না থাকলেও, নেতৃত্বের নৈতিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন লেবার দলের একাধিক সাংসদ। তাঁদের একাংশ প্রকাশ্যেই প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।

এপস্টিনের ঠেলায় স্টারমারের কুর্সি নড়বড়ে, ব্রিটেন কি তবে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী পাচ্ছে?

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং স্বরাষ্ট্র দফতরের শীর্ষপদে থাকা শাবানা মাহমুদ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 10 February 2026 14:36

দ্য ওয়াল ব্যুরো: এপস্টিন ফাইলস (Epstein files) ঘিরে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিতেই ব্রিটিশ রাজনীতিতে অস্থিরতা শুরু হয়েছে। সেই আঁচে এখন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের (Prime Minister Keir Starmer) কুর্সিও নড়বড়ে। প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের (Jeffrey Epstein) সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও প্রাক্তন লেবার নেতা পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটেনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করার সিদ্ধান্তে প্রবল চাপের মুখে পড়েছেন স্টারমার। ব্যক্তিগত কোনও অনিয়মের অভিযোগ না থাকলেও, নেতৃত্বের নৈতিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন লেবার দলের একাধিক সাংসদ। তাঁদের একাংশ প্রকাশ্যেই প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।

চাপ সামলাতে গিয়ে ইতিমধ্যেই স্টারমারের চিফ অব স্টাফ এবং কমিউনিকেশন ডিরেক্টর ইস্তফা দিয়েছেন। ম্যান্ডেলসনকে নিয়োগের পরামর্শ দেওয়ার দায় স্বীকার করে তাঁরা সরে দাঁড়ালেও, তাতে পরিস্থিতি যে থামছে না, তা স্পষ্ট। দলের ভেতরে সমর্থন ধরে রাখতে মরিয়া প্রধানমন্ত্রী। এর মধ্যেই উত্তরসূরি হিসেবে উঠে আসছে স্বরাষ্ট্রসচিব শাবানা মাহমুদের নাম। জল্পনা, স্টারমার সরে দাঁড়ালে ব্রিটেন পেতে পারে তার প্রথম মুসলিম প্রধানমন্ত্রী।

কে শাবানা মাহমুদ? (Shabana Mahmood)

ব্রিটেনের স্বরাষ্ট্র দফতরের শীর্ষপদে থাকা প্রথম মুসলিম মহিলা শাবানা মাহমুদের জন্ম ১৯৮০ সালের ১৭ সেপ্টেম্বর, ইংল্যান্ডের বার্মিংহামে। তাঁর পরিবার পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের বাসিন্দা। শৈশবের প্রথম পাঁচ বছর কাটে সৌদি আরবে। বার্মিংহামের স্কুলে পড়াশোনার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিঙ্কন কলেজ থেকে আইন নিয়ে স্নাতক হন তিনি। পরে ব্যারিস্টার হিসেবে কাজ শুরু করেন।

২০১০ সালে বার্মিংহাম লেডিউড থেকে সাংসদ নির্বাচিত হন শাবানা। তখনই তিনি ব্রিটেনের প্রথম প্রজন্মের মুসলিম মহিলা সাংসদদের অন্যতম হয়ে ওঠেন। লেবার দলে একাধিক গুরুত্বপূর্ণ ছায়া মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। ২০১৫ সালে জেরেমি করবিনের নীতির সঙ্গে মতপার্থক্যের কারণে ছায়া মন্ত্রিসভা ছাড়েন। ২০২৪ সালে লেবারের জয়ের পর বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর হন। ২০২৫ সালে অ্যাঞ্জেলা রেনারের পদত্যাগের পর স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব পান। কড়া অভিবাসন নীতি ও আইনশৃঙ্খলা প্রশ্নে দৃঢ় অবস্থানের জন্য দলের ডানপন্থী শিবিরে তাঁর জনপ্রিয়তা বেড়েছে।

স্টারমারের সঙ্কট কতটা গভীর?

স্টারমারের ১৯ মাসের প্রধানমন্ত্রিত্বে এটিই সবচেয়ে বড় সঙ্কট বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। স্কটিশ লেবার নেতা আনাস সারওয়ার। যিনি স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী, তিনি খোলাখুলিই তাঁর পদত্যাগ দাবি করেছেন। সারওয়ারের বক্তব্য, “এই বিভ্রান্তির অবসান দরকার। ডাউনিং স্ট্রিটে নেতৃত্ব বদলানোই একমাত্র পথ।” যদিও ডাউনিং স্ট্রিট জানিয়েছে, স্টারমার কোথাও যাচ্ছেন না। পাঁচ বছরের জনম্যান্ডেট পূর্ণ করবেন তিনি— এমনই দাবি প্রধানমন্ত্রীর দফতরের।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরেই ম্যান্ডেলসনকে বরখাস্ত করেছিলেন স্টারমার। মার্কিন কংগ্রেস প্রকাশিত নথিতে এপস্টিনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার তথ্য সামনে আসার পরই সেই সিদ্ধান্ত। এপস্টিন ২০০৮ সালে দোষী সাব্যস্ত হন এবং ২০১৯ সালে বিচারাধীন অবস্থায় জেলে আত্মহত্যা করেন।

তবে চলতি বছরের ৩০ জানুয়ারি প্রকাশিত মার্কিন নথিতে নতুন করে বিতর্ক উসকে যায়। অভিযোগ, ২০০৮ সালের আর্থিক সঙ্কটের সময় ব্রিটিশ মন্ত্রী থাকাকালীন ম্যান্ডেলসন এপস্টিনকে গোপন সরকারি তথ্য পাচার করেছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে ব্রিটিশ পুলিশ ৭২ বছর বয়সি ম্যান্ডেলসনের বিরুদ্ধে ‘পাবলিক অফিসে অসদাচরণ’-এর তদন্ত শুরু করেছে। শুক্রবার তাঁর দু’টি সম্পত্তিতে তল্লাশিও চালানো হয়েছে, যদিও এখনও গ্রেফতার করা হয়নি।

সব মিলিয়ে, এপস্টিন-ছায়া ঘিরে ব্রিটেনের রাজনীতিতে ক্ষমতার সমীকরণ বদলে যাওয়ার সম্ভাবনা ক্রমেই ঘনাচ্ছে।


```