ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়ার এস্কালেটর হঠাৎ থামায় সাদা ঘরজুড়ে সন্দেহের ছায়া, কিন্তু রাষ্ট্রপুঞ্জ বিষয়টি স্পষ্ট করে জানিয়েছে।

ট্রাম্প ও মেলানিয়া
শেষ আপডেট: 24 September 2025 11:01
দ্য ওয়াল ব্যুরো: নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের সভায় ভাষণ দিতে গিয়ে দু'দুটি অঘটনের মুখোমুখি হতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারতীয় সময় মঙ্গলবার রাতে নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের সভায় ভাষণ দিতে স্ত্রী মেলানিয়াকেও সঙ্গী করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ রাষ্ট্রপুঞ্জ ভবনের এসক্যালেটরে চেপে দোতলায় সভাকক্ষে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আচমকাই এসক্যালেরটি থেমে যায়। এই ঘটনায় বিচলিত হয়ে পড়েন রাষ্ট্রপুঞ্জ ভবন এবং মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা আধিকারিকেরা। তাঁরা সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট দম্পতির চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করে ফেলেন। পাশের সিঁড়িগুলির দখল নিয়ে নেন। যদিও দেরি না করে স্ত্রীকে নিয়ে ট্রাম্প হেঁটে উপরে উঠে যান। কারণ তাঁর ভাষণের সময় তখন এক দু'মিনিট বাকি।
কিন্তু ভাষণেও বিপত্তির সম্মুখীন হন মার্কিন প্রেসিডেন্ট। দেখা যায় তাঁর টেলিপ্রম্পটার কাজ করছে না। তখন ক্ষোভ চাপা থাকেনি। এমনীতেই ভাষণে রাষ্ট্রপুঞ্জের ভূমিকা নিয়ে বারে বারে প্রশ্ন তোলেন। বলেন, এই প্রতিষ্ঠান কার্যকারীতা হারিয়েছে। ভাষণের এক পর্যায়ে মুখ খোলেন এসক্যালেটর এবং টেলিপ্রম্পটার নিয়েও। যদিও হাল্কা চালেই বলেন, রাষ্ট্রপুঞ্জ আমাকে দুটি জিনিস দিয়েছে, একটা খারাপ এসক্যালেটর আর একটা অচল টেলিপ্রম্পটার।
মার্কিন প্রেসিডেন্ট বিষয়টি শেষ পর্যন্ত লঘু করার চেষ্টা করলেও তাঁর ও রাষ্ট্রপুঞ্জ ভবনের নিরাপত্তা আধিকারিকেরা থেমে থাকেননি। তাঁরা তদন্ত চালিয়ে এখনও নিশ্চিত হতে পারেননি কেন কাজ করেনি টেলিপ্রম্পটার।
কিন্তু এসক্যালেটর কাণ্ডে সর্ষের মধ্যে ভূত আবিস্কার করেছেন কালপ্রিট আসলে ট্রাম্পের এক ভিডিওগ্রাফার। তিনি আগেভাগে রাষ্ট্রপুঞ্জের অধিবেশন কক্ষে প্রবেশ করার জন্য এসক্যালেটরের ইমার্জেন্সি বাটন পুশ করেছিলেন। লক্ষ্য করেননি পিছনে সস্ত্রীক প্রেসিডেন্ট ততক্ষণে এসক্যালেটরে উঠে পড়েছেন।
যদিও রাষ্ট্রপুঞ্জ ভবনের এই ব্যাখ্যার সঙ্গে সহমত নয় হোয়াইট হাউস। তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। খারাপ উদ্দেশ্য ছিল ধরে নিয়ে তারা তদন্ত অব্যাহত রেখেছে।