জেল কর্তৃপক্ষকে উদ্ধৃত করে জিও নিউজ জানিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী সুস্থ আছেন এবং জেলের ভিতরেই আছেন।
.jpeg.webp)
আলোচনায় সন্তুষ্ট হয়ে ধরনা অবস্থান তুলে নিয়েছেন ইমরানের বোন আলিমা খান।
শেষ আপডেট: 27 November 2025 11:20
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে খুন করা হয়েছে, এই জল্পনায় ইতি টানল জেল প্রশাসন। জেল কর্তৃপক্ষকে উদ্ধৃত করে জিও নিউজ জানিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী সুস্থ আছেন এবং জেলের ভিতরেই আছেন। ইমরানের মৃত্যুর খবরকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ এবং তাঁর প্রতি ‘চিকিৎসা সংক্রান্ত নজর’ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে জেল প্রশাসন। এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাঁকে আদিয়ালা জেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এমন সংবাদের কোনও সত্যতা নেই। প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্যাপ্টেন তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান দুবছর ধরে বিভিন্ন অপরাধে জেলবন্দি।
একইভাবে ইমরানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভরত ইমরানের বোন ও সমর্থকদের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। ইমরানের তিন বোন ও পিটিআই সমর্থকরা আদিয়ালা জেলের বাইরে গোরখপুর চেকপোস্টে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁর সঙ্গে দেখা করার দাবিতে। এআরওয়াই নিউজ সরকারি বিবৃতি উল্লেখ করে জানিয়েছে, আলোচনায় সন্তুষ্ট হয়ে ধরনা অবস্থান তুলে নিয়েছেন ইমরানের বোন আলিমা খান।
সরকারি সূত্র জানিয়েছে, পুলিশ তাঁদের আশ্বাস দিয়েছে যে, যে কোনও সময় তাঁদের সঙ্গে ইমরানের যোগাযোগ করিয়ে দেওয়া হবে। একইভাবে পরের মঙ্গলবারেও তা করা হবে। এই আশ্বাসের পর শান্তিপূর্ণভাবে ধরনা-অবস্থান তুলে নেন ইমরানের বোনরা ও পিটিআই নেতৃত্ব। এর আগে গত বুধবার থেকে রটে যায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে জেলের ভিতরেই নির্যাতন করে হত্যা করা হয়েছে।
স্বঘোষিত বালুচিস্তানের বিদেশ মন্ত্রক এই বিস্ফোরক দাবি করে জানায়, পাক ফিল্ড মার্শাল আসিম মুনির ও সেদেশের চর সংস্থা আইএসআই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। যদিও এই দাবির সরকারিভাবে কোনও সত্যতা স্বীকার করা হয়নি। তবে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি ইমরান খানের সঙ্গে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতৃত্ব ও তাঁর বোনেরা যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলে দলের তরফে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে জোরাল চর্চা শুরু হয় যে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডার প্রবল অসুস্থ ইমরান খান বেঁচে আছেন কিনা!
বালুচিস্তানের বিদেশ মন্ত্রকের দাবি, জেলে নির্মম অত্যাচার করে হত্যা করা হয়েছে এই নেতাকে। তবে এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ইমরানের দলের সমর্থকদের ভিড় লক্ষ্য করা গিয়েছিল জেলের সামনে। যা নিয়ে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বাধে পিটিআইয়ের। সোশ্যাল মিডিয়া এবং বেশ কয়েকটি আফগান সংবাদমাধ্যমের দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর মুক্তির দাবি ক্রমশই জোরাল হচ্ছিল দেশজুড়ে। এই অবস্থায় তাঁকে রাওয়ালপিন্ডির কাছে আদিয়ালা জেলের ভিতরেই খুন করা হয়েছে।