ভাইরাল হয়েছে মামদানির একটি পাঁচ বছর আগের পোস্ট, যেখানে তিনি ভারতের কেরলের তরুণ সিপিএম (CPM) নেত্রী আর্যা রাজেন্দ্রনের (Arya Rajendran) কথা তুলে ধরেছিলেন। সেই সঙ্গে বলেছিলেন, "এরকমই মেয়র হওয়া উচিত"।

ছবি এআই দিয়ে তৈরি
শেষ আপডেট: 26 June 2025 21:15
দ্য ওয়াল ব্যুরো: নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে মনোনয়ন জিতে এখন শিরোনামে জোহরান মামদানি (Zohran Mamdani)। তবে এর মধ্যেই ভাইরাল হয়েছে তাঁর একটি পাঁচ বছর আগের পোস্ট, যেখানে তিনি ভারতের কেরলের তরুণ সিপিএম (CPM) নেত্রী আর্যা রাজেন্দ্রনের (Arya Rajendran) কথা তুলে ধরেছিলেন। সেই সঙ্গে বলেছিলেন, "এরকমই মেয়র হওয়া উচিত"।
২০২০ সালের ডিসেম্বরে জোহরান এক্স (তৎকালীন টুইটার)-এ একটি পোস্ট কোট করেছিলেন। মূল পোস্টটি ছিল পুডুচেরি সিপিএমের। পোস্টে সিপিএম লিখেছিল, "কমরেড আর্যা রাজেন্দ্রন, বয়স ২১, তিরুবনন্তপুরমের নতুন মেয়র হয়েছেন। তিনিই হবেন বিশ্বের বড় কোনও শহরের সর্বকনিষ্ঠ মেয়র।" সিপিএমের পোস্টটি রিপোস্ট করে জোহরান প্রশ্ন করেছিলেন— "এই মুহূর্তে নিউ ইয়র্ক শহরের ঠিক কেমন মেয়রের প্রয়োজন?" তাঁর জবাব ছিল— আর্যার মতো একজন তরুণ, প্রগতিশীল, জনগণের প্রতিনিধি।

এই সেই সোশ্যাল মিডিয়া পোস্ট
কে আর্যা রাজেন্দ্রন?
১৯৯৯ সালে জন্মানো আর্যা রাজেন্দ্রন, ২০২০ সালে মাত্র ২১ বছর বয়সে তিরুবনন্তপুরম কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। সেই সময় তিনি ভারতের সবচেয়ে কমবয়সি মেয়র হিসেবে রেকর্ড সৃষ্টি করেন। তাঁর রাজনৈতিক উত্থান নিয়ে প্রশংসা করেছিলেন শশী থারুর, কমল হাসান, এমনকি গৌতম আদানির মতো শিল্পপতিও।
গণিতে স্নাতক আর্যা, কেরলের প্রভাবশালী নায়ার সম্প্রদায়ের। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় থেকে তিনি বাম প্রভাবিত শিশু সংগঠন 'বালসঙ্ঘম'-এ যোগ দেন। পরে তিনি ওই সংগঠনের রাজ্য সভাপতি হন। সেই সঙ্গে তিনি ছিলেন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI)-এর রাজ্য কমিটির সদস্য এবং দলীয় এলাকা কমিটিতেও যুক্ত ছিলেন।
সিপিআই (এম)-এর সবচেয়ে কমবয়সি বিধায়ক সচিন দেব-এর সঙ্গে পরে তাঁর বিয়ে হয়। ২০২৩ সালে একমাসের সন্তানকে কোলে নিয়ে অফিসের টেবিলে কাজ করার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা নিয়ে দেশজুড়ে আলোড়ন পড়ে।
মেয়র হিসেবে আর্যার কাজ
তাঁর মেয়র পদে কাজের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল—বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ, স্বাস্থ্য পরিষেবায় সহজলভ্যতা, শহরের প্রান্তিক ও দারিদ্র্যসীমার নীচে থাকা নাগরিকদের জন্য ২৪ ঘণ্টার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কোভিড পরিস্থিতিতে শহরের নানা চ্যালেঞ্জের মোকাবিলায় দৃঢ় নেতৃত্ব ইত্যাদি। তাঁর প্রশাসনিক কাজ মোটের উপর প্রশংসিত হলেও, একবার বাস আটকে দেওয়া ও চালকের সঙ্গে অসদাচরণের অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন তিনি।
জোহরান মামদানি ও তাঁর রাজনৈতিক অবস্থান
জোহরান মামদানি, প্রখ্যাত পরিচালক মীরা নায়ারের ছেলে। জন্ম উগান্ডায়, তবে সাত বছর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। নিজেকে প্রকাশ্যে "সোশালিস্ট" বলেন তিনি। তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক রয়েছে— এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামস পর্যন্ত তাঁকে "অবাস্তব স্বপ্ন দেখানো এক কমিউনিস্ট" বলে কটাক্ষ করেছেন।
তবে এই বিতর্কের মাঝেও তাঁর ২০২০ সালের পোস্ট ফের আলোচনার কেন্দ্রে। কারণ তিনি বহু আগে থেকেই এমন এক নেতা হয়ে ওঠার কল্পনা করতেন, যিনি হবেন আর্যা রাজেন্দ্রনের মতো— তরুণ, জনমুখী এবং প্রগতিশীল।