গত মে মাসে ভারতের অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে সংঘাত থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে সবচেয়ে সক্রিয় ছিলেন রুবিও। গভীর রাতে ভারত ও পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সংঘর্ষ বিরতিতে রাজি করান তিনি।
.jpeg.webp)
মার্কো রুবিও
শেষ আপডেট: 18 August 2025 08:44
দয় ওয়াল ব্যুরো: এনবিসি নিউজকে সাক্ষাৎকার দিচ্ছিলেন ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বিরতির সম্ভাবনা নিয়ে। সেখানেই আলোচনা প্রসঙ্গে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বললেন, আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত ভারত-পাকিস্তান সম্পর্কের দিকে নজর রাখি। যুদ্ধ বিরতি পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে থাকি।
যুদ্ধ বিরতির প্রসঙ্গে তিনি থাইল্যান্ড-কম্বোডিয়ার সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গও এনেছেন। রুবিও বলেন, যুদ্ধ বিরতিতে রাজি করানো এবং তা বজায় রাখা, দুটোই কঠিন কাজ। এমনকী দ্বিতীয়টি তুলনায় জটিল।
প্রসঙ্গত, গত মে মাসে ভারতের অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে সংঘাত থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে সবচেয়ে সক্রিয় ছিলেন রুবিও। গভীর রাতে ভারত ও পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সংঘর্ষ বিরতিতে রাজি করান তিনি। মার্কিন প্রশাসনের তরফে দাবি করা হয় সংঘর্ষ না থামালে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে এগোচ্ছিল দুই দেশ।
মনে করা হচ্ছে, সংঘর্ষ বিরতিতে মার্কিন কৃতিত্ব জাহির করতেই ভারত-পাকিস্তানের প্রসঙ্গ টেনেছেন মার্কিন বিদেশ সচিব।
ভারত অবশ্য দাবি করেছে কোনও তৃতীয় পক্ষের চাপে ভারত সংঘর্ষ বিরতিতে সায় দেয়নি। সদ্য সমাপ্ত লোকসভার অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানিয়ে দেন, তৃতীয় দেশের মধ্যস্থতায় যুদ্ধ বিরতির দাবি ভিত্তিহীন। ভারত সরকারের দাবি, পাকিস্তানের অনুরোধে সংঘর্ষ বিরতিতে রাজি হয় নয়াদিল্লি।
তাতেও দমে না গিয়ে মার্কিন প্রশাসন দাবি করছে শান্তি ফিরেছে তাদের উদ্যোগে। আমেরিকা এই ব্যাপারে পাকিস্তানকে পাশে পেয়ে গেছে।
সাক্ষাৎকারে রুবিও বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিরতিতে সফল হবেন। চূড়ান্ত সাফল্য নির্ভর করছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির উপর, বলেছেন মার্কিন বিদেশ সচিব।