হামলার সময় টিভিতে সরাসরি সম্প্রচার চলছিল। হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে স্টুডিও, ভয় পেয়ে মাথা ঢেকে লাইভ ছেড়ে দেন সঞ্চালিকা।

লাইভ ছাড়লেন সঞ্চালিকা
শেষ আপডেট: 17 June 2025 07:58
দ্য ওয়াল ব্যুরো: ইরানের (Iran) রাজধানী তেহরানে (Tehran) টিভি চ্যানেল আইআরআইবি-র সদর দফতরে ভয়াবহ হামলা (Attack) চালিয়েছে ইসরায়েল (Israel)। হামলার সময় টিভিতে সরাসরি সম্প্রচার চলছিল। হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে স্টুডিও, ভয় পেয়ে মাথা ঢেকে লাইভ ছেড়ে দেন সঞ্চালিকা।
ইরানি মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, ভবন থেকে ঘন কালো ধোঁয়া উঠছে। চারদিকে ছড়িয়ে ধ্বংসাবশেষ।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, “ইরানের প্রোপাগান্ডা ছড়ানো এই টিভি ভবনটি আমাদের সেনা ধ্বংস করেছে। হামলার আগে সাধারণ মানুষকে এলাকা ছাড়তে বলা হয়েছিল। ইরানের স্বৈরাচারী শাসকরা যেখানেই থাকুক, আমরা ধ্বংস করব।”
ইসরায়েল আরও দাবি করেছে, ভবনটি বাইরে থেকে টিভি অফিস মনে হলেও, ভেতরে গোপনে সামরিক যোগাযোগের কাজ চলছিল। তাই সেটিই ছিল তাদের মূল টার্গেট।
এর আগেই ইসরায়েল তেহরানের এক সেনাঘাঁটিতে হামলা চালায়। শহরের নানা প্রান্তে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তেহরানের সাধারণ মানুষকে আগেই ফার্সি ভাষায় সতর্কবার্তা পাঠিয়েছিল—যাতে তারা নিরাপদে সরে যেতে পারেন।
অন্যদিকে, ইরানও হুঁশিয়ারি দিয়ে রেখেছে, এবার তারা ইসরায়েলে ইতিহাসের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালাতে চলেছে।