সোশ্যাল মিডিয়ায় যা চলছে তা খুব একটা হালকাভাবে নেননি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। তিনি মনে করেন, যাঁরা এই ধরনের মন্তব্য করছেন, তাঁরা নিশ্চয়ই খ্রিস্টধর্ম বিরোধী।

জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা
শেষ আপডেট: 1 November 2025 08:08
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর ধর্ম নিয়ে মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়ে অবশেষে মুখ খুললেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জানালেন, তাঁর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা খ্রিস্টান নন এবং তিনি ধর্মান্তরিত হওয়ারও কোনও পরিকল্পনা করছেন না। এই প্রসঙ্গে সামাজিক মাধ্যমে তাঁকে লক্ষ্য করে হওয়া কটাক্ষকে “ঘৃণ্য” বলে মন্তব্যও করেন।
এক্স-এ পোস্ট করে ভ্যান্স লেখেন, তিনি জানেন এই প্রশ্নটা একান্তই ব্যক্তিগত, কিন্তু একজন জন প্রতিনিধি হিসেবে তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
সম্প্রতি রিপাবলিকান এই নেতা এক জনসভায় বলেন, হিন্দু ধর্ম মেনে চলা স্ত্রী যদি কখনও খ্রিস্টধর্মে দীক্ষিত হন, তা হলে তিনি খুশিই হবেন। উষা এবং তাঁদের সন্তানরা রবিবারে গির্জায় যান, আর সন্তানদের খ্রিস্টান ধর্মের পাঠই দেওয়া হচ্ছে। এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তুমুল বিতর্ক শুরু হয়।
এক জন এক্স ব্যবহারকারী লেখেন, 'কিছু মানুষের স্বীকৃতি পাওয়ার জন্য নিজের স্ত্রীর ধর্মকে এইভাবে জনসমক্ষে ছোট করা খুবই অদ্ভুত!” সেই পোস্টের উত্তরেই ভ্যান্স তিনটি পয়েন্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। লেখেন, “প্রথমত, প্রশ্নটা করেছিলেন আমার থেকে কিছুটা ‘বামপন্থী’ একজন ব্যক্তি, আমার আন্তঃধর্মীয় বিবাহ নিয়ে। আমি জন প্রতিনিধি তাই আমার ব্যক্তিগত জীবন নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহলী অনেকে, প্রশ্নটা কিন্তু আমি এড়িয়ে যাইনি।'
দ্বিতীয় অংশে তিনি স্পষ্ট করেন, 'খ্রিস্টধর্মী হওয়ায় বুঝতে পেরেছেন ঈশ্বরের বাণী আসলে মানবজাতির জন্য মঙ্গলের এবং এই বিষয়টি উপলব্ধি করতে শিখিয়েছেন তাঁর স্ত্রী-ই।' ভ্যান্সের কথায়, 'উষা খ্রিস্টান নন এবং ধর্মান্তরিত হওয়ারও কোনও পরিকল্পনা নেই। তবে যেমনটা হয় বহু আন্তঃধর্মীয় দাম্পত্যে, আমারও আশা, একদিন হয়তো উনি বিষয়টা আমার মতো করেই দেখবেন।'
সোশ্যাল মিডিয়ায় যা চলছে তা খুব একটা হালকাভাবে নেননি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। তিনি মনে করেন, যাঁরা এই ধরনের মন্তব্য করছেন, তাঁরা নিশ্চয়ই খ্রিষ্টধর্ম বিরোধী। বলেন, 'হ্যাঁ, খ্রিস্টানদের নিজস্ব বিশ্বাস আছে। আর সেই বিশ্বাসেরই একটা অংশ হল অন্যদের সঙ্গে তা ভাগ করে নেওয়ার ইচ্ছে। এটা খুবই স্বাভাবিক। যারা অন্য কথা বলছেন, তাদের নিজেদেরই একটা অ্যাজেন্ডা আছে।'
গত বুধবার মিসিসিপির এক ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ ইভেন্টে জেডি ভ্যান্স বলেন, 'বেশিরভাগ রবিবার উষা আমার সঙ্গে গির্জায় যান। আমি ওঁকে যেমন বলেছি, তেমনই আজ ১০ হাজার বন্ধুর সামনে বলছি, আমি কি চাই যে উনি একদিন সেই একইভাবে অনুপ্রাণিত হোন, যেভাবে আমি হয়েছি? হ্যাঁ, সত্যি বলতে আমি সেটা চাই, কারণ খ্রিস্টান ধর্মগ্রন্থে বিশ্বাস করি এবং চাই আমার স্ত্রীও একদিন সেটা একইভাবে অনুভব করুন।' তবে শেষে এও উল্লেখ করে দেন, 'যদি তা না-ও হয়, তাতে কোনও সমস্যা নেই। ঈশ্বর বলেছেন, প্রত্যেকেরই নিজের স্বাধীন ইচ্ছে আছে। তাই এটা এমন একটা বিষয়, যা বন্ধুবান্ধব, পরিবার বা প্রিয়জনের সঙ্গে বোঝাপড়া করে নিতে হয়।'