
প্রতীকী চিত্র
শেষ আপডেট: 14 May 2024 12:20
দ্য ওয়াল ব্যুরো: ইরানের সঙ্গে চাবাহার বন্দর চুক্তির জন্য ভারতের বিরুদ্ধে সম্ভাব্য অবরোধ জারির হুঁশিয়ারি দিল আমেরিকা। যদিও স্পষ্ট করে ভারতের নাম করেনি যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, ইরানের চাবাহার বন্দর ১০ বছরের জন্য কার্যত লিজ নিতে চলেছে ভারত। এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অন্যদিকে, ইরানের বিরুদ্ধে আমেরিকাসহ ইউরোপীয় অনেক দেশই আর্থিক অবরোধ জারি করে রেখেছে। তাই ইরানের সঙ্গে ভারতের চুক্তির কারণে স্বভাবতই অসন্তুষ্ট হয়েছে ওয়াশিংটন।
আমেরিকার বক্তব্য, ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারত নিজের মুখে কিছু বলুক, এটাই চায় তারা। ভারত-ইরান চুক্তি সম্পাদনের কয়েক ঘণ্টা পরেই মার্কিন বিদেশ মন্ত্রকের উপ মুখপাত্র সোজাসুজি ভারতের নাম না করে বলেন, যারা ইরানের সঙ্গে চুক্তি করার কথা ভাবছে বা ভাববে তারা যেন অবরোধের ঝুঁকির কথা মাথায় রাখে।
মুখপাত্র আরও বলেন, চাবাহার বন্দর নিয়ে ইরান ও ভারতের মধ্যে একটি চুক্তি হওয়ার কথা আমরা শুনেছি। আমরা চাই ভারত নিজের মুখে চুক্তির বিষয়ে জানাক, বলেন মার্কিন আধিকারিক বেদান্ত প্যাটেল। তিনি আরও বলেন, আমি বলতে চাই আমেরিকার সঙ্গে যতদূর সম্পর্ক রয়েছে, তাতে ইরানের বিরুদ্ধে যে অবরোধ ছিল তা চলবে।
তখন তাঁর কাছে জানতে চাওয়া হয়, তাহলে কি ভারতের বিরুদ্ধেও অবরোধ জারি হবে। জবাবে প্যাটেল বলেন, ইরানের সঙ্গে যে কেউ বা যারা বাণিজ্য সম্পর্ক তৈরি করবে তাদের বিরুদ্ধেও অবরোধ জারি করা হতে পারে। এ বিষয়ে প্রবল সম্ভাবনার কথা জানান তিনি। এও বলেন, ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির আগে তাদের এইসব ঝুঁকির কথা মাথায় রাখা উচিত ছিল।