অ্যাপলের পর স্যামসং-এর উদ্দেশেও বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 24 May 2025 12:33
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন বহুজাতিক সংস্থা অ্যাপলকে (Apple) শুল্ক-হুঁশিয়ারি (Tax Threat) দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। স্পষ্ট জানিয়েছেন, অ্যাপলের ফোন (iPhone) যদি আমেরিকার বাইরে কোনও দেশে তৈরি করা হয় তাহলে তা আমেরিকায় বিক্রি করলে সংস্থাকে ২৫ শতাংশ শুল্ক (25% Tariff) দিতে হবে সরকারকে। এবার ট্রাম্প একইভাবে টার্গেট করলেন দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসং-কেও (Samsung)। তাঁদেরও দেওয়া হল শুল্ক নিয়ে হুঁশিয়ারি।
আমেরিকায় ফোন তৈরি করো, নাহলে এদেশে বিক্রি করতে গেলে ২৫ শতাংশ শুল্ক দাও! অ্যাপলের পর স্যামসং-এর উদ্দেশেও এই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, যারা ফোন তৈরি করবে তাদের জন্যই এই নিয়ম। আমেরিকায় কারখানা না করলেই বিক্রির ক্ষেত্রে শুল্ক চাপানো হবে। সংবাদমাধ্যমে ট্রাম্প বলেন, ''অ্যাপল, স্যামসং বা যে কোনও সংস্থা হোক, এই নিয়ম করা হবে। আর যদি তারা আমেরিকায় কারখান তৈরি করে তাহলে কোনও শুল্ক লাগবে না।''
VIDEO | Washington, DC: US President Donald Trump (@realDonaldTrump) announced 25 per cent tariffs for iPhones manufactured outside US.
He said, " It would be more. It would also be Samsung and anybody that makes that product. Otherwise, it wouldn't be fair... When they build… pic.twitter.com/1j5CN6WSEl— Press Trust of India (@PTI_News) May 24, 2025
মার্কিন প্রেসিডেন্ট এর আগেই অ্যাপল কর্তাকে বার্তা দিয়েছিলেন যে, তিনি চান না কুক ভারতে কারখানা তৈরি করুক অ্যাপলের। এক্ষেত্রে তাঁর যুক্তি ছিল, ভারত বিশ্বের অন্যতম সর্বোচ্চ ট্যারিফ নেওয়া দেশ। তাই ভারতে কিছু বিক্রি করাও কঠিন কাজ হবে। মার্কিন প্রেসিডেন্টের মত ছিল, ভারত নিজের খেয়াল নিজেই রাখতে পারবে। তাই অ্যাপল যেন সব ফোন আমেরিকাতেই তৈরি করে। যদিও এখনও পর্যন্ত ভারতের থেকে ব্যবসা তুলে নেওয়ার কোনও সিদ্ধান্ত নেয়নি কুকের সংস্থা।
আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, অ্যাপল আমেরিকান সংস্থা হলেও তাঁদের বেশিরভাগ পণ্য তৈরি হয় চিন এবং ভারতে। কম্পিউটার, ল্যাপটপ বা আইপ্যাডের সিংহভাগ শি জিংপিংয়ের দেশ তৈরি করে। বর্তমানে ২০ শতাংশের বেশি আইফোন ভারতে তৈরি হয়। সেগুলিই বিক্রি হয় আমেরিকায়।
অন্যদিকে, স্যামসং দক্ষিণ কোরিয়ার কোম্পানি হলেও ভারতে তাদের ব্যবস্যা বিরাট। অধিকাংশ ক্ষেত্রেই এই কোম্পানির ফোন এদেশেই তৈরি হয়। সেগুলি বিক্রি হয় আমেরিকা সহ বিভিন্ন দেশে। আদতে ডোনাল্ড ট্রাম্প এটাই বন্ধ করতে চান। তাঁর সাফ কথা, আমেরিকার বাজারে যা বিক্রি হবে তা তৈরিও করতে হবে আমেরিকায়।