ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি চান না কুক ভারতে কারখানা তৈরি করুক অ্যাপেলের।

ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 23 May 2025 18:33
দ্য ওয়াল ব্যুরো: ভারতে 'অ্যাপেল'-এর (Apple) কারখানা খোলা নিয়ে খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। অনেক আগেই বিষয়টি স্পষ্ট করেছিলেন তিনি। এবার ট্রাম্প কার্যত হুঁশিয়ারি দিলেন সংস্থার কর্তা টিম কুককে (Tim Cook)। স্পষ্ট জানালেন, অ্যাপেলের ফোন (iPhone) যদি আমেরিকার বাইরে কোনও দেশে তৈরি করা হয় তাহলে তা আমেরিকায় বিক্রি করলে সংস্থাকে ২৫ শতাংশ শুল্ক (25% Tariff) দিতে হবে সরকারকে। ট্রাম্পের স্পষ্ট বার্তা, ভারত হোক বা অন্য কোনও দেশ, আমেরিকার বাইরে কোথাও তৈরি করা যাবে না ফোন।
ভারতে একাধিক জায়গায় টিম কুক সংস্থার কারখানা খুলছেন বলে জানা গেছিল। সেই প্রসঙ্গে খানিক রুষ্ট হয়েই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি চান না কুক ভারতে কারখানা তৈরি করুক অ্যাপেলের। এক্ষেত্রে তাঁর যুক্তি ছিল, ভারত বিশ্বের অন্যতম সর্বোচ্চ ট্যারিফ নেওয়া দেশ। তাই ভারতে কিছু বিক্রি করাও কঠিন কাজ হবে। মার্কিন প্রেসিডেন্টের মত ছিল, ভারত নিজের খেয়াল নিজেই রাখতে পারবে। তাই অ্যাপেল যেন সব ফোন আমেরিকাতেই তৈরি করে।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই প্রেক্ষিতেই কার্যত কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। বলেছেন, আমেরিকায় যে আইফোন বিক্রি করা হবে সেটি আমেরিকাতেই বানাতে হবে সংস্থাকে। ভারত বা অন্য কোনও দেশে বানালে আমেরিকায় বিক্রির ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। এর আগে কুকের উদ্দেশে ট্রাম্পের স্পষ্ট বার্তা ছিল, ''এত বছর ধরে চিনে তোমরা কারখানা তৈরি করেছ, আমরা তা সহ্য করেছি। কিন্তু ভারতে কারখানা তৈরি করো, সেটা চাই না।'' এখন তাঁর 'হুঙ্কারের' পর টিম কুক এবং তাঁর সংস্থা কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয় হবে।
আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, অ্যাপেল আমেরিকান সংস্থা হলেও তাঁদের বেশিরভাগ পণ্য তৈরি হয় চিন এবং ভারতে। কম্পিউটার, ল্যাপটপ বা আইপ্যাডের সিংহভাগ শি জিংপিংয়ের দেশ তৈরি করে। বর্তমানে ২০ শতাংশের বেশি আইফোন ভারতে তৈরি হয়। সেগুলিই বিক্রি হয় আমেরিকায়। ডোনাল্ড ট্রাম্প এটাই বন্ধ করতে চান। তাঁর সাফ কথা, আমেরিকার বাজারে যা বিক্রি হবে তা তৈরিও হবে আমেরিকায়।