সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা ও এক দোভাষীর মৃত্যুর জবাবে বড়সড় বিমান হামলা চালাল আমেরিকা।

ফাইল চিত্র
শেষ আপডেট: 11 January 2026 14:55
দ্য ওয়াল ব্যুরো: সিরিয়ায় ইসলামিক স্টেট (IS)-এর হামলায় দুই মার্কিন সেনা ও এক দোভাষীর মৃত্যুর জবাব দিতে বড়সড় সামরিক অভিযান চালাল আমেরিকা। শনিবার সিরিয়াজুড়ে আইএস-এর একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া এই প্রতিশোধমূলক অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন হকআই স্ট্রাইক’ (Operation Hawkeye Strike)।
স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ আমেরিকা ও তার সহযোগী দেশগুলির বাহিনী যৌথভাবে এই হামলা চালায়। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, “আমাদের বার্তা একেবারে স্পষ্ট। আমাদের যোদ্ধাদের ক্ষতি করলে আমরা অপরাধীদের খুঁজে বের করবই। বিচার এড়ানোর যত চেষ্টাই করা হোক না কেন, রেহাই নেই।”
উল্লেখযোগ্যভাবে, এই অভিযান নতুন নয়। গত ১৯ ডিসেম্বর ‘অপারেশন হকআই স্ট্রাইক’-এর প্রথম পর্বে সিরিয়ার অন্তত ৭০টি আইএস ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল। শনিবারের হামলাকে সেই অভিযানেরই পরবর্তী ও আরও জোরালো ধাপ বলে মনে করা হচ্ছে।
পটভূমিতে রয়েছে গত মাসে সিরিয়ার পালমিরায় ঘটে যাওয়া মর্মান্তিক হামলা। সেখানে আইএসের আক্রমণে আইওয়া ন্যাশনাল গার্ডের দুই সদস্য সার্জেন্ট এডগার ব্রায়ান টরেস-টোভার ও সার্জেন্ট উইলিয়াম নাথানিয়েল হাওয়ার্ড এবং মার্কিন বেসামরিক দোভাষী আয়াদ মনসুর সাকাত নিহত হন। সেই ঘটনার পরই ট্রাম্প প্রশাসন কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, মার্কিন বাহিনীর উপর হামলা হলে বিশ্বের যে কোনও প্রান্ত থেকেই দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।