আদালতের রায়ে বলা হয়েছে, এই নীতির যৌক্তিকতা নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকতে পারে, কিন্তু আইনসঙ্গত সীমার মধ্যে থাকলে আদালতের পক্ষে সেই সিদ্ধান্ত বাতিল করার সুযোগ নেই। ফলে আইনি লড়াই চললেও আপাতত এই ফি কার্যকর করতে পারবে প্রশাসন।

ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 25 December 2025 08:07
দ্য ওয়াল ব্যুরো: নতুন H-1B ভিসা (H-1B Visa) আবেদনে এক লক্ষ মার্কিন ডলার ফি আরোপের পথে আর বাধা রইল না ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসনের। এই সিদ্ধান্ত কার্যকর করার অনুমতি দিলেন মার্কিন ফেডারেল বিচারক বেরিল হাওয়েল। ফলে দক্ষ বিদেশি কর্মীর উপর নির্ভরশীল প্রযুক্তি সংস্থা ও নিয়োগকারীরা বড় ধাক্কা খেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ওয়াশিংটনের মার্কিন জেলা আদালতের (US Court) বিচারক হাওয়েল তাঁর রায়ে বলেন, অভিবাসন সংক্রান্ত এই ফি বৃদ্ধি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সাংবিধানিক ক্ষমতার মধ্যেই কাজ করেছেন। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা (National Security) সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেস প্রেসিডেন্টকে (President Trump) বিস্তৃত ক্ষমতা দিয়েছে।
আদালতের রায়ে বলা হয়েছে, এই নীতির যৌক্তিকতা নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকতে পারে, কিন্তু আইনসঙ্গত সীমার মধ্যে থাকলে আদালতের পক্ষে সেই সিদ্ধান্ত বাতিল করার সুযোগ নেই। ফলে আইনি লড়াই চললেও আপাতত এই ফি কার্যকর করতে পারবে প্রশাসন।
এই মামলায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আবেদন করেছিল ইউএস চেম্বার অব কমার্স (US Chamber of Commerce)। সংগঠনটির দাবি ছিল, এত বিপুল ফি H-1B ভিসাকে কার্যত অধরা করে তুলবে, বিশেষ করে ছোট ও মাঝারি সংস্থার জন্য। আদালতের রায়ে হতাশা প্রকাশ করে চেম্বারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা উচ্চ আদালতে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে।
বর্তমানে H-1B ভিসার আওতায় বছরে ৬৫ হাজার সাধারণ ভিসা এবং উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা দেওয়া হয়। এতদিন এই ভিসার সঙ্গে যুক্ত ফি সাধারণত ২ হাজার থেকে ৫ হাজার ডলারের মধ্যেই ছিল। নতুন ফি কার্যকর হলে তা বহু গুণ বেড়ে যাবে।
তবে এখানেই শেষ নয় আইনি টানাপড়েন। ডেমোক্র্যাট-শাসিত কয়েকটি রাজ্য, শ্রমিক সংগঠন এবং একটি আন্তর্জাতিক নার্স-স্টাফিং সংস্থার করা মামলাগুলি এখনও বিচারাধীন। শেষ পর্যন্ত বিষয়টি মার্কিন সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে বলেই মনে করছেন আইনজ্ঞরা।
লটারির বদলে যোগ্যতায় জোর H-1B ভিসায়
এর মধ্যেই H-1B ভিসা ব্যবস্থায় আরও বড় বদলের ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। দীর্ঘদিনের লটারি পদ্ধতি তুলে দিয়ে চালু করা হচ্ছে ‘ওয়েটেড সিলেকশন’ ব্যবস্থা, যেখানে বেশি দক্ষতা ও উচ্চ বেতনের আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন।
২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে চলা এই নিয়ম ২০২৭ অর্থবর্ষের ভিসা চক্র থেকে প্রযোজ্য হবে। প্রশাসনের দাবি, এতে ভাগ্যের উপর নির্ভরতা কমবে এবং প্রকৃত অর্থে ‘সেরা মেধা’র বাছাই করা সম্ভব হবে।