এই পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের দাবি, মানবিক কারণেই অন্তত এক সপ্তাহের জন্য যুদ্ধ থামাতে রাজি হয়েছেন পুতিন। তবে এই যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া বা ইউক্রেনের তরফে আনুষ্ঠানিক কোনও বিবৃতি এখনও সামনে আসেনি।

শেষ আপডেট: 29 January 2026 23:38
দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেনের সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতিতে এক সপ্তাহ সংঘর্ষ বন্ধ (Ceasefire) রাখতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। কারণ, তীব্র শৈত্যপ্রবাহ (Ukraine ceasefire cold snap)। এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।
মার্কিন সরকারের সম্ভাব্য 'শাটডাউন' নিয়ে একটি ক্যাবিনেট বৈঠকে কথা বলতে গিয়ে ট্রাম্প গাজা যুদ্ধবিরতি ও ইউক্রেন যুদ্ধ—দুই প্রসঙ্গেই আলোচনা করেন। সেখানেই তিনি জানান, ইউক্রেন ও রাশিয়া জুড়ে নেমে আসা অস্বাভাবিক ঠান্ডার পরিস্থিতি (Ukraine cold wave temperatures) বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাম্প বলেন, “ভয়ঙ্কর ঠান্ডার জন্য আমি ব্যক্তিগত ভাবে প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছি, কিয়েভ বা অন্য শহরে যেন মিসাইল বা গুলি না চালানো হয়। তিনি এই বিরতিতে রাজি হয়েছেন।”
এর পরেই ট্রাম্প যোগ করেন, “এটা খুবই ভাল উদ্যোগ। এমন হাড়কাঁপানো ঠান্ডায় শহরের ওপর মিসাইল বর্ষণ - এটা কারওই প্রয়োজন হতে পারে না।”
ট্রাম্পের দাবি, ইউক্রেন প্রথমে এই খবর বিশ্বাসই করতে পারেনি। পরে বিষয়টি জানার পর তারা অত্যন্ত খুশি হয়েছে, কারণ এই মুহূর্তে তারা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।
কী এই ‘কোল্ড স্ন্যাপ’?
‘কোল্ড স্ন্যাপ’ বলতে হঠাৎ নেমে আসা তীব্র শৈত্যপ্রবাহ বা ঠান্ডার ঢেউকে বোঝায়, যা বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার বিস্তীর্ণ এলাকায় আঘাত হেনেছে।
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, ইউক্রেনে তাপমাত্রা নেমে গিয়েছে মাইনাস ২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ইউক্রেনের স্টেট এমার্জেন্সি সার্ভিস ফেব্রুয়ারির শুরুতে তাপমাত্রা হু হু করে কমে যাওয়ার সতর্কতা জারি করেছে।
ইউক্রেনিয়ান হাইড্রোমেটিওরোলজিক্যাল সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারি ১ থেকে ৩ তারিখের মধ্যে দেশের অধিকাংশ অঞ্চলে রাতের তাপমাত্রা মাইনাস ২০ থেকে মাইনাস ২৭ ডিগ্রির মধ্যে থাকবে।
কিয়েভ, চেরনিহিভ, ঝিটোমির, রিভনে, সুমি, পোলতাভা এবং খারকিভ - এই সব অঞ্চলে রাতের তাপমাত্রা মাইনাস ২০ থেকে ২৫ ডিগ্রিতে নামতে পারে। দিনের বেলাতেও তাপমাত্রা থাকবে মাইনাস ১৫ থেকে ২২ ডিগ্রির মধ্যে।
অন্যদিকে রাশিয়ার দূর প্রাচ্য অঞ্চলও গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারপাতের সাক্ষী হচ্ছে। গত সপ্তাহে এশিয়া জুড়ে ছড়িয়ে পড়া শীতল বায়ুর ঢেউ সেখানে প্রবল তুষারঝড় ডেকে এনেছে।
রয়টার্সের একটি রিপোর্টে বিজ্ঞানীদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আর্কটিক অঞ্চল থেকে নেমে আসা ঠান্ডা বায়ুর প্রবল স্রোত পূর্ব রাশিয়া ও এশিয়ার একাংশে প্রভাব ফেলছে। একই সঙ্গে আর একটি শীতল বায়ুর ঢেউ পূর্ব ইউরোপে আঘাত হানছে, যার ফলেই এই চরম শৈত্যপ্রবাহ।
এই পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের দাবি, মানবিক কারণেই অন্তত এক সপ্তাহের জন্য যুদ্ধ থামাতে রাজি হয়েছেন পুতিন। তবে এই যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া বা ইউক্রেনের তরফে আনুষ্ঠানিক কোনও বিবৃতি এখনও সামনে আসেনি।