২০১৩ সাল থেকে রয়্যাল কর্নওয়াল হাসপাতাল এনএইচএস ট্রাস্টে চিকিৎসক হিসেবে কাজ করলেও ২০২৩ সালের মার্চে গ্রেফতার হওয়ার পর তাঁকে সাসপেন্ড করা হয়।

নিজের পা কেটে ফেললেন চিকিৎসক
শেষ আপডেট: 24 July 2025 19:06
দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেনের কর্নওয়ালের বাসিন্দা ও ভাসকুলার সার্জন (Surgeon) নীল হপার নিজের দু'-পা কেটে (Cut Off Legs) ফেলে ৫ লক্ষ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৫.৪ কোটি টাকা) বিমা দাবি (Insurance Claim) করার চেষ্টায় অভিযুক্ত হয়েছেন।
৪৯ বছর বয়সি হপার দাবি করেন, তিনি সেপসিসে আক্রান্ত হয়ে দুই পা হারিয়েছেন। আদালতের নথি অনুযায়ী, অ্যারিভা গ্রুপ থেকে ২,৩৫,৬২২ পাউন্ড এবং ওল্ড মিউচুয়াল থেকে ২,৩১,০৩১ পাউন্ড বিমা বাবদ দাবি করেন তিনি।
তবে মামলার তদন্তে উঠে এসেছে আরও একটা ব্যাপার। অভিযোগ, তিনি “দ্য ইউনাক মেকার” নামের একটি ওয়েবসাইট থেকে অঙ্গ কাটার ভিডিও কিনতেন এবং মারিয়াস গুস্তাভসন নামে এক চরম শরীর রূপান্তর (body modification) চক্রের মূলচক্রীকে তৃতীয় ব্যক্তিদের অঙ্গ কেটে দেওয়ার জন্য উৎসাহ দিতেন।
২০১৮ সালের ২১ আগস্ট থেকে ২০২০ সালের ৪ ডিসেম্বরের মধ্যে গুরুতর শারীরিক ক্ষতি সাধনের কাজে উৎসাহ দেওয়া বা সহায়তা করার অভিযোগে হপারকে অভিযুক্ত করা হয়েছে।
২০১৩ সাল থেকে রয়্যাল কর্নওয়াল হাসপাতাল এনএইচএস ট্রাস্টে চিকিৎসক হিসেবে কাজ করলেও ২০২৩ সালের মার্চে গ্রেফতার হওয়ার পর তাঁকে সাসপেন্ড করা হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযোগগুলোর সঙ্গে তাঁর চিকিৎসা সংক্রান্ত কিছু জড়িত নয় এবং রোগীদের নিরাপত্তা নিয়ে কোনও আশঙ্কা নেই।
২০২৩ সালের ডিসেম্বরে তাঁকে মেডিক্যাল রেজিস্টার থেকেও বরখাস্ত করা হয়েছে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হপার বলেন, তিনি প্রায়ই অন্যের অঙ্গচ্ছেদ করেন। নিজের পা কাটা নিয়েও তাঁর মনে শুধু পাওয়ার টুলসের (electric saw, drill ইত্যাদি) চিন্তাই ঘুরছিল। জানান, “ভাবলেই গা গুলিয়ে উঠছিল।”
তাঁর আরও দাবি, যদিও তাঁকে বলা হয়েছিল তিন মাস পর হাঁটতে পারবেন, কিন্তু সে সব তোয়াক্কা না করেই তিন ঘণ্টার মধ্যে হাঁটতে শুরু করে দেন। এমনকি এও বলেন, “আমি জানি এটা শুনতে খারাপ, কিন্তু আমি পা হারানোর পর আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়ে পড়েছি।”