সন্ধে ৬টা নাগাদ ফোন নম্বরের মাধ্যমে সেই মহিলার সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ, দু'জনকে হোটেলের রুমে নিয়ে গিয়ে তাঁর টাকা ও মূল্যবান জিনিস ছিনতাইয়ের চেষ্টা করা হয়।

ফাইল ছবি
শেষ আপডেট: 4 October 2025 20:36
দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে দুই যৌনকর্মীকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় দোষী সাব্যস্ত হল দুই ভারতীয় যুবক (Indian men jailed)। তাদের ৫ বছর ১ মাসের কারাদণ্ড এবং ১২ দফা বেত্রাঘাতের সাজা দিয়েছে আদালত।
সূত্রে খবর, অরকিয়াসামি ডাইসন (২৩) এবং রাজেন্দ্রন মায়িলারাসন (২৭)- এই দুই যুবক নিজেদের অপরাধ স্বীকার করেছে।
জানা যায়, গত ২৪ এপ্রিল সিঙ্গাপুরে (Singapore crime news) ঘুরতে যায় এই দুই ভারতীয়। ২৬ তারিখ লিটল ইন্ডিয়া এলাকায় হাঁটার সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের কাছে এসে জানতে চান, দু'জন যৌনসেবার জন্য কোনও নারীকে ভাড়া করতে রাজি কিনা? ওই ব্যক্তি এক যৌনকর্মী মহিলার নম্বর দিয়ে চলে যান।
এরপর অরকিয়াসামি ফন্দি আঁটে, তাদের টাকার প্রয়োজন, ওই মহিলাকে হোটেলে ডেকে এনে ডাকাতি করা যেতে পারে। রাজেন্দ্রনও তাতে সম্মতি দেয়।
ওইদিনই সন্ধে ৬টা নাগাদ ফোন নম্বরের মাধ্যমে সেই মহিলার সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ, দু'জনকে হোটেলের রুমে নিয়ে গিয়ে তাঁর টাকা ও মূল্যবান জিনিস ছিনতাইয়ের চেষ্টা করা হয়। তাঁরা বাধা দিলে মারধরও করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে যৌনকর্মীদের উপর হামলা ও ডাকাতির অভিযোগে মামলা দায়ের হয়। শুক্রবার দুই যুবককে এই অপরাধে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে আদালত।
সিঙ্গাপুরে আইন অনুযায়ী, এ ধরনের অপরাধের ক্ষেত্রে বেত্রাঘাতের সাজা বাধ্যতামূলক। আদালতের রায় অনুযায়ী, দুই অভিযুক্তকেই কারাবাসের পাশাপাশি ১২ দফা বেত্রাঘাত করা হবে।