হরমুজ প্রণালীর তেলের উপর নির্ভর করে না আমেরিকা, সাফ জানালেন ট্রাম্প। যেসব দেশ নির্ভরশীল, তাদেরই পথ রক্ষার দায়িত্ব নেওয়ার বার্তা, বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ।

ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 2 April 2026 09:15
দ্য ওয়াল ব্যুরো: হরমুজ প্রণালী (Strait of Hormuz) ঘিরে উত্তেজনার মধ্যেই কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সাফ জানালেন, আমেরিকার এই গুরুত্বপূর্ণ জলপথের উপর কোনও নির্ভরতা নেই। বরং যেসব দেশ এই পথ দিয়ে তেল (Oil Supply) পায়, তাদেরই এটি “সুরক্ষিত” রাখতে হবে।
হোয়াইট হাউসের (White House) ক্রস হল (Cross Hall) থেকে জাতির উদ্দেশে ভাষণে ট্রাম্প বলেন, 'যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত তেল ও গ্যাস (Oil and Gas) মজুত রয়েছে। আমরা হরমুজ প্রণালী থেকে প্রায় কোনও তেল আমদানি করি না। আমাদের কোনওদিন প্রয়োজন ছিল না, ভবিষ্যতেও হবে না।'
‘ড্রিল, বেবি, ড্রিল’ (Drill, Baby, Drill) নীতির প্রসঙ্গ টেনে ট্রাম্প দাবি করেন, তাঁর শাসনকালে আমেরিকা বিশ্বে সর্বোচ্চ তেল ও গ্যাস উৎপাদক (Top Producer) হয়ে উঠেছে। এমনকি সৌদি আরব (Saudi Arabia) ও রাশিয়াকে (Russia) মিলিয়ে যত উৎপাদন হয়, তার চেয়েও নাকি বেশি উৎপাদন আমেরিকায় হয় বলে দাবি করেন তিনি।
কিছু যায় না আসলেও হরমুজ নিয়ে ইরানকে কড়া বার্তা দিতে ভোলেননি মার্কিন প্রেসিডেন্ট। সাফ জানিয়ে দেন, ইরান (Iran) যদি হরমুজ প্রণালী খুলতে রাজি না হয়, তবে তাদের পারমাণবিক কেন্দ্রগুলিতে (Nuclear Facilities) হামলা (Strike) হতে পারে। “ইরান কার্যত ধ্বংস হয়ে গিয়েছে, কঠিন কাজ হয়ে গিয়েছে, এখন বাকি সহজ,” বলেন শেষে।
যেসব দেশ এই প্রণালীর উপর নির্ভরশীল, তাদের উদ্দেশে ট্রাম্পের বার্তা, “নিজেদের প্রয়োজনের তেল নিজেদেরই সুরক্ষিত করতে হবে।” তা না হলে তেল কিনুন আমেরিকা থেকে।
উল্লেখ্য, বিশ্বে মোট তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের (LNG) প্রায় ২০ শতাংশই এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে এই পথ কার্যত সীমিত হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম (Energy Prices) বেড়ে গিয়েছে, বাড়ছে মুদ্রাস্ফীতির (Inflation) আশঙ্কা।
ট্রাম্পের ভাষণের পরও বিনিয়োগকারীদের উদ্বেগ কাটেনি। ব্রেন্ট ক্রুড (Brent Crude) ৪ শতাংশের বেশি বেড়ে ১০৫.৫৫ ডলারে পৌঁছয়, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ওঠে ১০৩.১৬ ডলারে।
তবে ট্রাম্পের দাবি, সংঘাত (Conflict) মিটলেই হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে। তেল বিক্রি করতেই হবে, তাই সবটা আবার শুরু হবে, দামও দ্রুত কমবে।