ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ লেখেন, “ইরান আগেই সেই চুক্তিতে সই করলে এত প্রাণহানি হত না। এটা দুঃখজনক।

ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 17 June 2025 09:41
দ্য ওয়াল ব্যুরো: কানাডায় চলা জি৭ সম্মেলন থেকে একদিন আগেই আমেরিকায় ফিরে যাচ্ছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। হোয়াইট হাউস (White House) জানিয়েছে, আরব দুনিয়ায় (Middle East) দ্রুত অবনতি পরিস্থিতির জন্যেই এই সিদ্ধান্ত। তেহরানের (Tehran) নাগরিকদেরও অবিলম্বে শহর ছাড়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমাকে আগেভাগেই ফিরতে হচ্ছে—এর কারণ সবাই জানে।” হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন এই ঘোষণার সত্যতা স্বীকার করে ‘এক্স’-এ লেখেন, “বেশ কিছু বিষয়ে অগ্রগতি হলেও আরব দুনিয়ার পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্প আজ ডিনারের পরেই জি৭ সম্মেলন ছেড়ে আমেরিকায় ফিরছেন।”
একইসঙ্গে ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ লেখেন, “ইরান আগেই সেই চুক্তিতে সই করলে এত প্রাণহানি হত না। এটা দুঃখজনক। আমি বারবার বলেছি—ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না। সবাই যেন তেহরান অবিলম্বে খালি করে!”
জি৭-এ ইরান-ইসরায়েল সংঘর্ষ নিয়ে একটি শান্তির বার্তা দেওয়ার খসড়া বিবৃতি তৈরি হলেও, তাতে সই করবেন না বলে জানিয়ে দিয়েছে আমেরিকা। ট্রাম্পের ঘনিষ্ঠ এক আধিকারিক জানিয়েছেন, এই বিবৃতি মার্কিন অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রাখে না।
যদিও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ বলেন, “ট্রাম্পের আগে ফিরে যাওয়া এক অর্থে ইতিবাচক, কারণ তিনি যুদ্ধবিরতি নিয়ে একটি প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবের মাধ্যমে আলোচনা শুরু হওয়ার সুযোগ তৈরি হয়েছে।”
জি৭ সম্মেলনে অংশ নিয়েছেন আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা। কানাডার ক্যানানাস্কিসে এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও ইরান-ইসরায়েল সংঘর্ষ—দু'টি বিষয়েই ঐক্যমতে পৌঁছতে বেগ পেতে হচ্ছে বলে কূটনৈতিক মহলের খবর।
এই সংঘাতের পরিস্থিতিতেও ইরানের সঙ্গে পরমাণু চুক্তি চায় আমেরিকা। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেন্টাগনের প্রধান পিট হেগসেথ বলেন, “নিশ্চয়ই, প্রেসিডেন্ট ট্রাম্প এখনও চায় শান্তিপূর্ণ উপায়ে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হোক।” তিনি আরও জানান, “আমাদের সেনারা এখন রণসজ্জায় নেই বরং তারা প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে। আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হচ্ছে।”