মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী, ইরানের গোপন পারমাণবিক ঘাঁটি 'ফোর্দো' (Fordow) সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। হোয়াইট হাউস থেকে দেওয়া মাত্র তিন মিনিটের ভাষণে তিনি বলেন, “ইরান (Iran) এখনই যদি শান্তির পথে না হাঁটে, তবে ভবিষ্যতের হামলা হবে আরও ভয়ংকর। আজ রাতে যেটা করা হয়েছে, সেটা ছিল সবচেয়ে কঠিন লক্ষ্য।”
.jpg.webp)
ফাইল চিত্র
শেষ আপডেট: 22 June 2025 14:44
দ্য ওয়াল ব্যুরো: ইরান-ইজরায়েলের যুদ্ধে (Iran-Israel Conflicts) আমেরিকা হস্তক্ষেপ করবে কিনা তার সিদ্ধান্ত নিতে দু'সপ্তাহ সময় চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার আগেই রবিবার মার্কিন হামলায় গুঁড়িয়ে গেল ইরানের তিনটি পারমাণবিক ঘাঁটি। ট্রাম্প কার্যত তাঁর নিজস্ব 'শান্তির দূত' ভাবমূর্তিকে ছেড়ে যুদ্ধের নীতিকেই শেষ পর্যন্ত সামনে আনলেন।
মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী, ইরানের গোপন পারমাণবিক ঘাঁটি 'ফোর্দো' (Fordow) সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। হোয়াইট হাউস থেকে দেওয়া মাত্র তিন মিনিটের ভাষণে তিনি বলেন, “ইরান (Iran) এখনই যদি শান্তির পথে না হাঁটে, তবে ভবিষ্যতের হামলা হবে আরও ভয়ংকর। আজ রাতে যেটা করা হয়েছে, সেটা ছিল সবচেয়ে কঠিন লক্ষ্য।”
এই হামলার ঠিক আগেই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইরান ও আমেরিকার মধ্যে একটি গোপন বৈঠক করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ইরানের সুপ্রিম লিডার খামেনেই গোপন আস্থানায় লুকিয়ে থাকায় শেষপর্যন্ত সেই বৈঠক সম্ভব হয়নি।
গত ২০ জুন, ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছিলেন, পশ্চিম এশিয়ার সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র (USA) হস্তক্ষেপ করবে কি না? তা চূড়ান্ত করতে তিনি আরও দুই সপ্তাহ সময় চান। কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যেই মার্কিন বি-২ বোমারু বিমান ইরানের দিকে রওনা হয়। প্রায় ৩৭ ঘণ্টা একটানা উড়ে, মাঝআকাশে জ্বালানি নিয়ে, ওই বিমানগুলি ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রগুলিতে বোমা ফেলে। ফোর্দোতে ছ’টি বাঙ্কার বাস্টার বোমা এবং অন্য দুই কেন্দ্রে প্রায় ৩০টি টমাহক মিসাইল ছোড়া হয়। আমেরিকার হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইজরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তেল আভিবে একাধিক বিস্ফোরণের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
নিজেকে বরাবর ‘শান্তির প্রতীক’ বলে দাবি করে এসেছেন ট্রাম্প। ভারত-পাকিস্তান, কসোভো-সার্বিয়া, মিশর-ইথিওপিয়ার মধ্যে ‘শান্তি স্থাপনের’ কৃতিত্ব দাবি করে গতকালও ক্ষোভ প্রকাশ করেছিলেন-যে তাঁকে কখনও নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করা হয়নি।
উল্লেখ্য, মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, আমেরিকার মিসৌরি ঘাঁটি থেকে যুদ্ধবিমানগুলি ৩৭ ঘণ্টা একটানা উড়ে, মাঝ আকাশে একাধিকবার জ্বালানি নিয়ে হামলা চালায়। এই অভিযানে ব্যবহার করা হয় ‘বাঙ্কার বাস্টার’ নামের বিশেষ ধরনের শক্তিশালী বোমা, যা ভূগর্ভস্থ ঘাঁটিতে ঢুকে বিস্ফোরণ ঘটায়।
ফোর্দো (Fordow) ছিল ইরানের সবচেয়ে সুরক্ষিত পরমাণু ঘাঁটি। ৮০ মিটার গভীরে থাকা এই কেন্দ্র এতটাই মজবুতভাবে তৈরি যে, অতীতে ইজরায়েল বিভিন্ন অভিযান চালিয়ে নাতানজে হামলা করতে পারলেও, ফোর্দোর গায়ে আঁচড় ফেলতে পারেনি। সেই ফোর্দোই এবার মার্কিন হামলায় ধ্বংস হয়েছে বলে দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের।