ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলায় সাহায্য করতে ইউক্রেন আরবদুনিয়ায় সামরিক বিশেষজ্ঞ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। একাধিক দেশের অনুরোধের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্প-জেলেনেস্কি
শেষ আপডেট: 5 March 2026 16:20
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার (Israel-US Strikes) জবাব দিতে আরবদুনিয়ায় পরপর মিসাইল-ক্ষেপনাস্ত্র ছুড়ছে ইরান (Iranian Attacks In Middle East)। টানা ছ'দিন ধরে একাধিক দেশে ধ্বংসযজ্ঞ অব্যাহত। এই পরিস্থিতিতে ইউক্রেনের (Ukraine) সাহায্য চাইল আমেরিকা। ট্রাম্পের (US President Donald Trump) পাশে থাকার বার্তা কিয়েভের সামরিক বিশেষজ্ঞদের পাঠাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনেস্কি (Ukrainian President Volodymyr Zelenskyy)।
জেলেনেস্কির কথায়, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলায় (Iranian drones and missile threats) সাহায্য করতে ইউক্রেন আরবদুনিয়ায় সামরিক বিশেষজ্ঞ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। একাধিক দেশের অনুরোধের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিগত কয়েক বছর ধরেই ইউক্রেনের পরিস্থিতিও উত্তপ্ত। রাশিয়ার সঙ্গে যুদ্ধে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে দেশটির বহু অংশ। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তবে তাদের যুদ্ধে ইরান নির্মিত ড্রোন, ক্ষেপনাস্ত্র হামলা প্রতিহত করার যে বাস্তব অভিজ্ঞতা ইউক্রেন অর্জন করেছে, সেটিই এখন অন্য দেশগুলোর জন্য কাজে লাগতে পারে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পশ্চিম এশিয়ার দেশগুলিকে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সাহায্য করবে কিয়েভ।
ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, গত কয়েক দিনে তিনি সংযুক্ত আরব আমিরশাহি (United Arab Emirates),কাতার ( Qatar), বাহরিন ( Bahrain), জর্ডান ( Jordan) এবং কুয়েতের ( Kuwait) মতো দেশগুলির সঙ্গে আলোচনা করেছেন। এছাড়া শিগগিরই আরও কয়েকটি আঞ্চলিক দেশের নেতাদের সঙ্গে আলোচনা করার পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান। জেলেনস্কি বলেন, শুধু আরবদুনিয়া নয়, ইউক্রেন এই বিষয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গেও যোগাযোগ রাখছে।
সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি পোস্টে ইউক্রেন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই ইউক্রেনের বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, গোয়েন্দা সংস্থা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যাতে আরবদুনিয়ার দেশগুলিকে কীভাবে সাহায্য করা যায় তার পরিকল্পনা তৈরি করতে।
তবে সাহায্য করতে গিয়ে যেন সামরিক শক্তিতে ইউক্রেন না দুর্বল হয়ে পড়ে, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে নজরে রাখতে বলেছেন প্রেসিডেন্ট।
জেলেনস্কির দাবি, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইরান ইতিমধ্যেই বিভিন্ন ধরনের ৮০০-র বেশি ক্ষেপণাস্ত্র এবং ১,৪০০-র বেশি আক্রমণকারী ড্রোন ব্যবহার করেছে। তাঁর মতে, এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র শুধু সামরিক ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক জাহাজ চলাচল এবং বিশ্বজুড়ে তেল ও গ্যাসের বাজারকেও অস্থির করে তুলতে পারে।
আরবদুনিয়ায় সংঘাত ক্রমশ তীব্র আকার নিচ্ছে। একদিকে ইরান (Iran) থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে, অন্যদিকে ইজরায়েল-সহ (Israel) একাধিক দেশের পাল্টা আক্রমণ চলছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে সংঘাতে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর ( Ayatollah Ali Khamenei) শোকসভাও আপাতত স্থগিত রাখতে হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।