জোহানেসবার্গের গ্যাভেল বিতর্কে ক্ষুব্ধ ট্রাম্প ঘোষণা করলেন—২০২৬ সালের জি২০ সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ নয়।

ফাইল চিত্র
শেষ আপডেট: 27 November 2025 09:52
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার ওপর চরম ক্ষুব্ধ হয়ে কঠোর সিদ্ধান্ত নিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। জোহানেসবার্গের জি২০ সম্মেলন (G20 Summit) আগেই বয়কট করেছিলেন তিনি। এবার ট্রাম্প ঘোষণা করলেন, আগামী ২০২৬ সালে আমেরিকায় আয়োজিত জি২০ সম্মেলনে তিনি ম্যান্ডেলার দেশকে আমন্ত্রণ জানাবেন না। শুধু তাই নয়, তাৎক্ষণিকভাবে আমেরিকা দক্ষিণ আফ্রিকাকে দেওয়া সমস্ত আর্থিক অনুদান এবং ভর্তুকি বন্ধ করে দেবে।
ট্রাম্পের এই কঠোর সিদ্ধান্তের মূলে রয়েছে জোহানেসবার্গের জি২০ সম্মেলনে ঘটে যাওয়া একটি কূটনৈতিক বিতর্ক। সম্মেলন বয়কট করায় কোনও মার্কিন কূটনীতিক উপস্থিত ছিলেন না। প্রথা অনুযায়ী, আয়োজক দেশ পরবর্তী হোস্ট কান্ট্রির হাতে একটি প্রতীকী কাঠের হাতুড়ি—যার পোশাকি নাম 'গ্যাভেল' (Gavel)—তুলে দেয়। মার্কিন কূটনীতিকের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকা জানিয়ে দেয়, তারা দূতাবাসের কোনও 'জুনিয়র' কূটনীতিকের হাতে গ্যাভেল তুলে দেবে না। দক্ষিণ আফ্রিকার এই আচরণকেই 'অপমানজনক' বলে মনে করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে (Truth Social) ট্রাম্প এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে লেখেন, "২০২৬ সালে মায়ামিতে আয়োজিত জি২০ সামিটে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানানো হবে না। তারা এর উপযুক্ত নয়। সব ধরনের আর্থিক সাহায্য এবং ভর্তুকিও অবিলম্বে বন্ধ করে দেওয়া হল।"
উল্লেখ করা যেতে পারে, ট্রাম্প ২০২৬ সালে মায়ামিতে তাঁর মালিকানাধীন ডোরাল গল্ফ রিসর্টে (Doral Golf Resort) জি২০ সম্মেলনের আয়োজন করতে আগ্রহী।
গ্যাভেল বিতর্কের পাশাপাশি, ট্রাম্পের এই ক্ষোভের আরও কিছু কারণ রয়েছে। তিনি প্রথম থেকেই দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের ওপর নৃশংস অত্যাচারের অভিযোগ তুলেছিলেন, যার কারণে জোহানেসবার্গের সম্মেলন তিনি বয়কট করেন। এছাড়া, জলবায়ু সংক্রান্ত নীতি নিয়ে আপত্তি থাকায় দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গের যৌথ ঘোষণাপত্রেও স্বাক্ষর করেনি, যা ট্রাম্পকে আরও বেশি ক্রুদ্ধ করেছে। তবে এই বিষয়ে দক্ষিণ আফ্রিকা এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।