ট্রাম্প আরও দাবি করেন, তিনি শুল্কের খুঁটিনাটি পৃথিবীর যেকোনও মানুষের চেয়ে ভাল বোঝেন। তাঁর কথায়, আমেরিকা দিল্লির উপরে শুল্ক চাপানো শুরু করার পরেই ভারত ধীরে ধীরে শুল্ক কমাতে শুরু করে।

ফাইল চিত্র
শেষ আপডেট: 3 September 2025 21:52
দ্য ওয়াল ব্যুরো: আরও একবার ভারতের শুল্কনীতি নিয়ে সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর অভিযোগ, ভারত, চিন (China) এবং ব্রাজিলের মতো দেশগুলি বিপুল শুল্ক চাপিয়ে আমেরিকার সঙ্গে একতরফা বাণিজ্য চালাচ্ছে। ট্রাম্পের দাবি, আমেরিকার (America) চাপের কারণেই ভারত সম্প্রতি মার্কিন পণ্যের উপর থেকে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে। তবে তাঁর স্পষ্ট বার্তা, এতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর থেকে শুল্ক কমাবে না।
সম্প্রতি এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 'ভারত এখন বলছে তারা আমেরিকার পণ্যে শুল্ক বসাবে না। কিন্তু এই সিদ্ধান্ত অনেক আগে নেওয়া উচিত ছিল। সত্যি বলতে, আমরা ভারতের কাছে খুব অল্প পণ্য বিক্রি করি, অথচ তারা প্রচুর পরিমাণে জিনিসপত্র আমাদের বাজারে ঢোকায়। আমরাই তাদের সবচেয়ে বড় ক্রেতা। কিন্তু ভারতে মার্কিন পণ্যের জায়গা খুবই সীমিত।'
মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, ভারতীয় পণ্যের উপর থেকে শুল্ক কমানোর কোনও পরিকল্পনা আপাতত নেই। তাঁর কথায়, 'ভারতের সঙ্গে সম্পর্ক ভালই, কিন্তু এতদিন তা ছিল একপাক্ষিক। সেই সমীকরণ আমি পাল্টে দিয়েছি।'
তবে বুধবার এক রেডিও সাক্ষাৎকারে আরও কড়া সুর শোনা গেল মার্কিন প্রেসিডেন্টের গলায়। ট্রাম্প বলেন, 'চিন আমাদের শুল্কে মেরে ফেলছে। ভারতও তাই করছে। ব্রাজিলও একই কাজ করছে। আরও দাবি করেন, তিনি শুল্কের খুঁটিনাটি পৃথিবীর যেকোনও মানুষের চেয়ে ভাল বোঝেন। তাঁর কথায়, আমেরিকা দিল্লির উপরে শুল্ক চাপানো শুরু করার পরেই ভারত ধীরে ধীরে শুল্ক কমাতে শুরু করে।
শুল্কের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে ট্রাম্প বলেন, 'যদি আমার শুল্ক না থাকত, তারা কোনওদিন এমন প্রস্তাব দিত না। তাই শুল্ক থাকা জরুরি। শুল্ক থাকলেই আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হব।'
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেই ট্রাম্প প্রবল সমালোচনার মুখে পড়েছেন। এক মার্কিন আপিল আদালত তাঁর শুল্কনীতিকে 'অবৈধ' বলে রায় দেয়। এর জবাবে ট্রাম্প নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ লেখেন, 'আদালত ভুলভাবে বলেছে আমাদের শুল্ক তুলে নিতে হবে। কিন্তু তারা জানে, শেষ পর্যন্ত আমেরিকাই জিতবে।'
বর্তমানে আমেরিকা ভারতের উপরে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপিয়েছে, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। এর মধ্যে 'শাস্তি' হিসেবে রয়েছে রাশিয়ার তেল কেনার জন্য ২৫ শতাংশ শুল্ক। ভারত এই শুল্ককে 'অন্যায্য' এবং 'অযৌক্তিক' বলে কড়া প্রতিক্রিয়া দিয়েছে।