দু’দিন আগে আমেরিকায় পড়তে যেতে আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য দুঃসংবাদ দিয়েছে মার্কিন বিদেশ মন্ত্রক।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 29 May 2025 11:02
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় কলেজ বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে (US educational institution including college and university) দু লাখ আশি হাজারের বেশি চিনা ছাত্রছাত্রী (Chinese students) পড়াশুনো করে। তাদের অনেককেই দেশে ফেরত পাঠিয়ে দেবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন (Donald Trump administration)। তাদের ভিসা বাতিলের (Visa cancellation) সিদ্ধান্ত ঘোষণা করেছেন স্বয়ং মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও (Marco Rubio)। তিনি এক্স পোস্টে লিখেছেন, বহু চিনা শিক্ষার্থীর ভিসা বাতিল করা হবে।
মার্কিন বিদেশ মন্ত্রকও আলাদা করে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছে। সামাজির মাধ্যমে তারা জানিয়েছে, নতুন ভিসা নীতিতে চিন অগ্রাধিকার পাবে না।
দু’দিন আগে আমেরিকায় পড়তে যেতে আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য দুঃসংবাদ দিয়েছে মার্কিন বিদেশ মন্ত্রক। গোটা বিশ্বেই তারা মার্কিন পড়ুয়াদের আমেরিকায় পড়তে যাওয়ার আবেদনপত্র নিয়ে অগ্রসর না হতে দূতাবাস ও কনস্যুলেট অফিসগুলিকে নির্দেশ দিয়েছে। আগামী মাস থেকে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার কথা। তার আগে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে বিশ্বব্যাপী শিক্ষামহল চিন্তিত। অতীতে কোনও মার্কিন প্রশাসন এমন সিদ্ধান্ত নেয়নি।
এবার আলাদা করে চিনা ছাত্রদের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা জানাল ট্রাম্প প্রশাসন। রুবিও বলেছেন, তাঁরা আলাদা করে খতিয়ে দেখবেন চিনা পড়ুয়াদের মধ্যে কারা সরাসরি কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত। এই পড়ুয়াদের আমেরিকায় ঠাঁই হবে না। এমন চিনা পড়ুয়াদের মাঝপথে দেশে ফিরে যেতে হবে, জানিয়েছে মার্কিন বিদেশ মন্ত্রক।
মার্কিন বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে চিন ও হংকং থেকে আসা ভিসা আবেদনপত্রগুলি বিশেষভাবে পরীক্ষানিরীক্ষার পর ছাড়পত্র দেওয়া হবে। চিন-আমেরিকায় সম্পর্ক বিষয়ে ওয়াকিবহাল মহলের একাংশের মতে, চিনের বর্তমান প্রেসিডেন্ট তথা চিনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শি জিংপিনের নীতিতে শঙ্কিত আমেরিকা। তিনি কমিউনিজমকে চিনা জাতিয়তাবাদের অংশ করে তুলতে অনেকটাই আগ্রহী। ২০১২ থেকে পার্টি ও দেশের প্রধানের পদে থাকা জিংপিনের সময়ে চিনে নতুন এক প্রজন্ম তৈরি হয়েছে যারা পশ্চিমী শিক্ষা গ্রহণ করেও কমিউনিজমকে আঁকড়ে আছে। ট্রাম্প প্রশাসন এই চিনা তরুণ-তরুণীকে আমেরিকায় ঢুকতে দিতে নারাজ।