
ডোনাল্ড ট্রাম্প ও জাস্টিন ট্রুডো।
শেষ আপডেট: 2 February 2025 10:03
দ্য ওয়াল ব্যুরো: ক্ষমতায় বসার পরেই প্রতিবেশী কানাডা এবং মেক্সিকোর পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক বসানোর কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার থেকে তা কার্যকরী হওয়ার কথা। তারই জবাবে এবার আমেরিকার পণ্যের উপর পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করে দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
শুধু এখানেই না থেমে ট্রুডো এও জানিয়েছেন, আগামী দিনে আরও কঠোর পদক্ষেপ করবেন তাঁরা। যার জেরে এবার বাণিজ্য-যুদ্ধের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
শনিবার রাতে একটি বিবৃতিতে ট্রুডো জানিয়েছেন, আমেরিকা থেকে কানাডায় আমদানি করা পণ্যের আনুমানিক মূল্য ১২ হাজার ৫০০ কোটি কানাডিয়ান ডলার। আগামী ২১ দিনের মধ্যে এই বিপুল পরিমাণ অর্থের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করা হবে।
কেন এই শুল্ক আরোপ তার ব্যাখ্যায় ট্রুডো এও বলেছেন. ‘‘আমরা কিন্তু প্রথমে শুল্ক চাপায়ি। চাপিয়েছে আমেরিকা। যে কোনও প্রকার শুল্ক মুক্ত বাণিজ্যের চুক্তিকে লঙ্ঘন করে। ফলে কানাডার ওপর শুল্ক চাপানোর পাল্টা হিসেবে আমরাও শুল্ক নেব।"
প্রসঙ্গত, একাধিক গুরুত্বপূর্ণ খনিজ এবং অন্যান্য পণ্য এত দিন আমেরিকা থেকে কানাডায় আসত শুল্ক ছাড়াই। আগামী দিনে ওই পণ্যের উপরেও শুল্ক আরোপ করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রুডো। যার ফলে অচিরেই দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা করছেন আর্থিক বিশেষজ্ঞরা। কারণ, আমেরিকার অন্যতম বৃহৎ দুই বাণিজ্যিক ক্ষেত্র হল কানাডা এবং মেক্সিকো। বাণিজ্য যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে সেক্ষেত্রে তিন দেশের অর্থনীতিই যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনই মুদ্রাস্ফীতিও আরও বেড়ে যেতে পারে।