
শেষ আপডেট: 4 December 2023 17:28
দ্য ওয়াল ব্যুরো: বেশ সাধ করে কুকুর পুষেছিলেন। কিন্তু সেই কুকুরই যে সন্তানের প্রাণ কেড়ে নেবে তা পরিবারের কেউই ভাবতেই পারেননি। পোষ্য সারমেয়র কামড়েই মৃত্যু হয়েছে তিন মাসের শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আমেরিকার চেলসিতে।
পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন আগে গভীর রাতে শিশুটিকে কামড়ে দেয় পোষ্য কুকুর। তড়িঘড়ি বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। পরে ডাক্তারি পদ্ধতিতে কুকুরটিকেও যন্ত্রণাহীনভাবে মৃত্যু ঘটানো হয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ঘাতক পোষ্যের শরীরে নেকড়ে ও কুকুরের জিন মিশ্রণ ছিল। সেবিষয়ে ওয়াকিবহাল ছিলেন ওই পরিবারের সসদ্যরাও। কিন্তু তা সত্ত্বেও কুকুরটিকে দীর্ঘদিন ধরে পুষেছিলেন তাঁরা। পরিবারের সদস্যরা শিশুর সঙ্গেও কুকুরটিকে অবাধ মেলামেশা করতে দিতেন। কিন্তু কয়েকদিন আগে রাতে ওই বাড়ির তিন মাসের শিশুটিকে কুকুরটি কামড়ে দেয়। গুরুতর আহত অবস্থায় শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা জানান, কুকুরের কামড়েই মৃত্যু হয়েছে শিশুটির।
চেলসির মেয়র টোনি পিকলসিমার ঘটনাটিতে শোকপ্রকাশ করেন। তিনি বলেন, “ছোট শিশুর এমন পরিণতি মেনে নেওয়া যায় না। কিন্তু এমন বিপজ্জনক পোষ্য বাড়িতে রাখলে নিজেদের পরিবারের সুরক্ষার দায়িত্ব নিজেদেরই নিতে হবে। প্রতিবেশীদেরও সুরক্ষিত রাখতে হবে তাঁদেরই।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাতক কুকুরটির ইউথেনশিয়া করা হয়েছে স্থানীয় এক চিকিৎসাকেন্দ্রে। পুলিশের বিবৃতিতে বলা হয়, বাড়ির পোষা কুকুরের কামড়ে তিন মাসের শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত করেছে পুলিশ।