ট্রাম্প বলেন, আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। বাকিটা হবে ন্যাটো গোষ্ঠীভুক্ত এবং ইউরোপিয় দেশগুলির সঙ্গে আলোচনার পর। তাদের রাজি করানোর কাজটা আমি চালিয়ে যাব।

ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 16 August 2025 07:44
দ্য ওয়াল ব্যুরো: দু-তরফই বৈঠকটিকে আগাম ঐতিহাসিক দাবি করেছিল। দু'পক্ষই বৈঠক শেষে দাবি করেছে, আলোচনা অনেকটাই সফল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক শেষে জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে আরও আলোচনা দরকার। তাই অল্পদিনের মধ্যেই তাঁরা ফের বৈঠকে বসনেন। সেই বৈঠক হতে পারে মস্কোয়।
ভারতীয় সময় ভোররাডে শেষ হয়েছে ট্রাম্প-পুতিন বৈঠক। বহু আলোচিত বৈঠকটি হয় যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের
অ্যাঙ্কোরেজ শহরে। সেখানেই অবস্থিত আমেরিকার এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটি। শুক্রবার রাতে সেখানে বৈঠক শুরুর আগে মার্কিন ও রুশ প্রেসিডেন্টের দৈহিক ভাষা ছিল অত্যন্ত আন্তরিক, ইতিবাচক। হ্যান্ডশেক করেন অনেকটা সময় ধরে। তারপর তিন ঘণ্টার বৈঠক শুরু হয়। প্রথমে প্রতিনিধি পর্যায়ে। তারপর একান্তে। আলোচনা শেষে দুই রাষ্ট্রপ্রধান যৌথ সাংবাদিক সম্মেলন করেন।
ট্রাম্প বলেন, আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। বাকিটা হবে ন্যাটো গোষ্ঠীভুক্ত এবং ইউরোপিয় দেশগুলির সঙ্গে আলোচনার পর। তাদের রাজি করানোর কাজটা আমি চালিয়ে যাব।
অন্যদিকে, পুতিন মার্কিন প্রেসিডেন্টের কথায় সায় দিয়েও খানিক শর্ত জুড়ে দিয়ে বলেন, কিছু ভুল স্বীকার করতে হবে। তিনি বলতে চেয়েছেন, যুদ্ধের পরিস্থিতি তৈরির জন্য ইউক্রেন প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে হবে।
জবাবে ট্রাম্প জানান, তিনি এই বিষয়ে জেলেনস্কির সঙ্গে কথা বলবেন। তাঁর কথায় যুদ্ধ বন্ধ এখন অনেকটাই নির্ভর করছে ইউক্রেন ও তার মিত্রদের উপর। বলেন, এই কারণেই বৈঠকে আমরা চূড়ান্ত সাফল্যের দিকে এগতে পারলাম না। তবে অনেকটাই অগ্রগতি হল।
সেই কথায় সায় দিয়ে পুতিন বলেন, যুদ্ধ বন্ধে তাঁর দেশ খুবই আন্তরিক। তবে কিছু বিষয়ের মীমাংসা হওয়া দরকার। এই যুদ্ধকে ‘ট্রাজেডি’ হিসেবে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, যুদ্ধ তখনই বন্ধ হওয়া সম্ভব যখন কারণ গুলি বিশ্লেষণ করে সেগুলির জন্য দায়ীরা দায় স্বীকার করবেন। স্পষ্টতই ইউক্রেনের উপর দায় চাপিয়েছেন পুতিন।
পুতিন কৃতজ্ঞতার মোড়কে মার্কিন প্রেসিডেন্টের উপরও খানিক শর্ত চাপিয়েছেন। বলেন, তাঁর আমন্ত্রণে আমি আজকের বৈঠকে অংশ নিয়েছি। আমাদের আলোচনার অগ্রগতি যাতে ইউক্রেন ও তার মিত্ররা ভেস্তে না দেয় আশাকরি ডোনাল্ড ট্রাম্প তা নিশ্চিত করবেন।