স্টারলিংক জানায়, তাদের পরিষেবায় রয়েছে প্লাগ-অ্যান্ড-প্লে ইনস্টলেশন, ৯৯.৯ শতাংশ আপটাইম, খারাপ আবহাওয়ায় কাজ করার ক্ষমতা এবং ডেটা ক্যাপ না থাকার সুবিধা।
.jpg.webp)
গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 9 December 2025 17:03
দ্য ওয়াল ব্যুরো: ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরুর প্রস্তুতি করছে স্টারলিঙ্ক (Starlink India)। তবে সোমবার এক অদ্ভুত প্রযুক্তিগত ত্রুটির কারণে কিছুক্ষণের জন্য তাদের ভারতীয় ওয়েবসাইটে ভুল দাম দেখাতে শুরু করে। ঘটনার পরেই সংস্থা জানায়, এগুলো কোনওভাবেই ঠিক দাম নয়, শুধু পরীক্ষা চলাকালীন 'ডামি ডেটা' ভুলবশত প্রকাশ্যে চলে এসেছিল (Starlink pricing glitch)। দ্রুত তা ঠিকও করা হয়েছে।
স্পেসএক্সের স্যাটেলাইট-ভিত্তিক (SpaceX India launch) ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক সোমবার সকালে কয়েক মিনিটের জন্য ভারতে তাদের পরিষেবার দাম দেখাতে শুরু করে (Starlink website error)। দেখা যায়, মাসিক চার্জ ৮ হাজার ৬০০ টাকা এবং নতুন গ্রাহকদের জন্য হার্ডওয়্যার কিটের দাম ৩৪ হাজার টাকা। এতে গ্রাহকদের মধ্যে কৌতূহল ও জল্পনা তৈরি হয়, তবে কি খুব শীঘ্রই ভারতে পরিষেবা চালু করছে স্টারলিঙ্ক?
কিছুক্ষণের মধ্যেই স্টারলিঙ্কের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র ডিরেক্টর (বিজনেস অপারেশনস) লরেন ড্রেয়ার এক্স-এ পোস্ট করে জানান, ভারতের ওয়েবসাইট এখনও আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। কোনও দাম ঘোষণা করা হয়নি এবং ভারতীয় গ্রাহকদের কাছ থেকে অর্ডারও নেওয়া হচ্ছে না। তাঁর কথায়, “একটি কনফিগারেশন গ্লিচ হয়, যার ফলে কিছু ডামি টেস্ট ডেটা সাময়িকভাবে দেখা গিয়েছিল। এটি আসল দাম নয়।" একইসঙ্গে তিনি জানান ভুলটি দ্রুত ঠিক করা হয়।
তিনি আরও বলেন, স্টারলিঙ্ক (Starlink) ভারতকে ইন্টারনেট পরিষেবার এক সুন্দর অভিজ্ঞতা দিতে আগ্রহী। তবে চূড়ান্ত সরকারি অনুমোদন না পাওয়া পর্যন্ত পরিষেবা চালু করা সম্ভব নয়। কোম্পানির দুটি প্রধান লক্ষ্য, প্রয়োজনীয় অনুমোদন পাওয়া এবং ওয়েবসাইট চালু করার প্রস্তুতি শেষ করা।
স্টারলিঙ্ক জানায়, তাদের পরিষেবায় রয়েছে প্লাগ-অ্যান্ড-প্লে ইনস্টলেশন, ৯৯.৯ শতাংশ আপটাইম, খারাপ আবহাওয়ায় কাজ করার ক্ষমতা এবং ডেটা ক্যাপ না থাকার সুবিধা। এই সব মিলিয়ে গ্রামীণ এলাকা ও যেখানে ব্রডব্যান্ডের সুবিধা নেই, সেইসব অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেওয়া তাদের অন্যতম প্রধান লক্ষ্য।
সম্প্রতি কোম্পানির নিয়োগের বিজ্ঞপ্তিতেও ভারতের জন্য প্রস্তুতির ইঙ্গিত মিলেছে। অক্টোবরের শেষে বেঙ্গালুরুতে পেমেন্টস ম্যানেজার, অ্যাকাউন্টিং ম্যানেজার, সিনিয়র ট্রেজারি অ্যানালিস্ট এবং ট্যাক্স ম্যানেজার পদে নিয়োগ শুরু করেছে স্টারলিঙ্ক। সংস্থার মতে, এটি তাদের বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রসারণ পরিকল্পনার অংশ।
এর পাশাপাশি মহারাষ্ট্র (Starlink Maharashtra) সরকারও স্টারলিঙ্কের সঙ্গে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর জন্য একটি সমঝোতা চুক্তি (LoI) সই করেছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ এবং আইটি মন্ত্রী অশিস শেলার উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়। গাডচিরোলি, নন্দুরবার, ধারাশিব, ওয়াশিমের মতো দূরবর্তী জেলা ও সরকারি প্রতিষ্ঠানে ইন্টারনেট পৌঁছে দিতে স্টারলিঙ্কের সহযোগিতা নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী জানান, মহারাষ্ট্র ভারতের প্রথম রাজ্য, যেখানে স্টারলিঙ্কের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা হল। এটি দেশের ডিজিটাল কাঠামোকে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।