
জেডি ভান্সের সঙ্গে ঊষা ভান্স।
শেষ আপডেট: 6 November 2024 18:28
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে ইতিমধ্যেই তাঁর বিজয় ভাষণ সেরে ফেলেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। আনন্দে-উচ্ছ্বাসে মেতে উঠেছে রিপাবলিকান শিবির। ঠিক তখনই, খুশির অন্ত নেই হোয়াইট হাউস থেকে সাড়ে ১৩ হাজার কিলোমিটার দূরত্বে অবস্থিত, ছোট্ট অন্ধ্র গ্রামেও। ট্রাম্পের জয়ে নাচছেন তাঁরাও।
কারণ ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন জেডি ভান্স। আর এই জেডি ভান্সের স্ত্রী ঊষা চিলুকুড়ি ভান্সের সঙ্গেও রয়েছে ভারতীয় যোগ। অনেকটা যেন বিরোধী ডেমোক্র্যাট নেত্রী তথা বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মতোই।
এই পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশে অবস্থিত ঊষার আদি গ্রামে ভাদলুরুর মানুষজন আশা করে আছেন, এবার নিশ্চয় মার্কিন মুলুক থেকে কিছু সাহায্যের হাত এগিয়ে আসবে তাঁদের জন্য! এই আশা করেই আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের জয়ের সঙ্গে সঙ্গে আনন্দে মেতেছে ভারতের ছোট্ট গ্রাম ভাদলুরুও। তাদেরই বংশধর এখন আমেরিকার 'সেকেন্ড লেডি' হবেন বলে কথা!
ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে জন্মগ্রহণ করেন ঊষা চিলুকুড়ি, সেখানেই বেড়ে ওঠেন। ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি করেছেন ঊষা। ইয়েল বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রযুক্তি জার্নালের ম্যানেজিং এডিটর এবং ইয়েল ল জার্নালের এক্সিকিউটিভ ডেভলপমেন্ট এডিটর হিসাবে কাজ করেছেন তিনি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তরও করেন। আইনি বিভাগেও কাজ করেছেন দীর্ঘদিন।
২০১৪ সালে কেন্টাকিতে জেডির সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। তিনটি সন্তানও হয়। প্রসঙ্গত, ২০১৪ পর্যন্ত ঊষা রেজিস্টার্ড ডেমোক্র্যাট ছিলেন। পরে ২০২২ সালে তিনি দল বদলে রিপাবলিকান হন। জেডি ভান্সের বিশ্বাস, স্ত্রীর হিন্দু ধর্মের প্রতি আনুগত্যই তাঁকে রাজনৈতিকভাবে এতদূর এগিয়ে দিয়েছে।
এ হেন জেডি যখন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হন এবছর, তখন ট্রাম্প-ভ্যান্সের বিজয়ের আশায় প্রার্থনায় বসেন অন্ধ্রের হিন্দু পুরোহিত আপাজি। জামাই ডেডি ভান্সের জয় কামনা করে তিনি বলেন, 'আশা করি আমাদের মেয়ে আমাদের গ্রামকে সাহায্য করবেন। তিনি তাঁর শিকড়কে নিশ্চয় মনে রাখবেন এবং এই গ্রামের জন্য ভাল কিছু করবেন।'
জানা যায়, ঊষা ভ্যান্সের বাবা চিলুকুড়ি রাধাকৃষ্ণান চেন্নাইতেই বড় হয়েছিলেন, পরে তিনি আমেরিকায় চলে যান পড়াশোনার জন্য। যদিও পরবর্তীকালে ঊষা ভ্যান্স কখনওই ভারতের সেই গ্রামে যাননি, তবে তাঁর বাবা বছর তিনেক আগে একবার ফিরে গিয়েছিলেন গ্রামে। বছর তিনেক আগে নিজেদের এলাকা ও মন্দির ঘুরে দেখে যান তিনি।
সে যাই হোক, আপাতত ট্রাম্পের চূড়ান্ত জয়ের পরে ঊষার ঠিকানা হতে চলেছে, ১ নং, অবজারভেটরি সার্কেল। মার্কিন ভাইস প্রেসিডেন্টদের সরকারি বাসভবন এটাই। এতদিন কমলা হ্যারিস নিজে এই ঠিকানার মালিক ছিলেন। এবার সেখানে জায়গা পাবেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত কন্যা।